২২ জানুয়ারি সংসদ নির্বাচন
নবম জাতীয় সংসদ নির্বাচন একদিন এগিয়ে ২২ জানুয়ারি করা হয়েছে। তবে নির্বাচনের অন্যান্য সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, মনোনয়ন পত্র বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ অপরিবর্তিত থাকবে।
সোমবার সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্বাচন সম্পর্কিত এক সমন্বয় সভা থেকে প্রথমে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার নির্বাচনের তারিখ পরিবর্তনের কথা জানিয়ে বলেন, আগে নির্বাচনের তারিখ ২৩ জানুয়ারি ঘোষণা করা হলেও ওইদিন সরস্বতী পূজা থাকায় নির্বাচন একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ভবনের সম্মেলন কক্ষে বেলা ২টায় অনুষ্ঠিত এই সভায় পরে সভাপতির বক্তব্যেও ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানও ভোটের পুনঃনির্ধারিত তারিখ ঘোষণা করেন। তবে তিনি এ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি।
সন্ধ্যা ৭ টায় কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে ৭ ডিসেম্বর দ্বিতীয় দফায় ঘোষণা করা নির্বাচনের সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকছে।
ঊল্লেখ্য, পল্টনের মহাসমাবেশ থেকে সোমবারই শেখ হাসিনা পূর্বঘোষিত তফসিল প্রত্যাখান করে ২১ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেন। মহাসমাবেশ থেকে নির্বাচন কমিশনার স ম জাকারিয়া ও অতিরিক্ত সচিব মোহাম্মাদ জকরিয়ার অপসারণ দাবি করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিকেল ৫ টার দিকে বেরিয়ে যাওয়ার সময় মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “প্রথমে দুই দলের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তারিখ ২৩ জানুয়ারি ঠিক করা হয়েছিল। পরে আমরা বিপাকে পড়লাম। এখন নির্বাচনের তারিখ ২২ জানুয়ারি ঠিক করা হয়েছে।”
নির্বাচনের তারিখ পরিবর্তনের ক্ষেত্রে দুই দলের মতৈক্য হয়েছে কিনা জানতে চাওয়া হলে ভারপ্রাপ্ত সিইসি কোনো সদুত্তর দেননি।
প্রসঙ্গত সরস্বতী পূজার কারণে বিভিন্ন মহলের পক্ষ থেকে এর আগে নির্ধারিত ২৩ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানানো হয়। বিএনপির পক্ষ থেকে ভোটের তারিখ দু/একদিন এগিয়ে আনার দাবি জানানো হলেও আওয়ামী লীগ ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির স্বার্থে’ এই তারিখ দেড় মাস পেছানোর দাবি করে।
এনইসি ভবনের সম্মেলন কক্ষের সভায় মাহফুজুর রহমান উপস্থিতদের উদ্দেশে বলেন, “আমি আশা করি, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে আপনারা আরেকটি গণতন্ত্রের বিজয় জাতিকে উপহার দেবেন।”
তিনি বলেন, “ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা বাধার মুখোমুখি হয়েছি। তারপরও নির্ভুল ভোটার তালিকা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
নির্বাচন কাজে এক লাখেরও বেশি লোক নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে অতিরিক্ত লোকবলের একটি প্যানেল তৈরি করে সেখান থেকে লোক নিয়োগ করা যেতে পারে।
ভারপ্রাপ্ত সিইসি উপস্থিতদের উদ্দেশে বলেন, “যাদের বিরুদ্ধে কোন প্রার্থী কিংবা অন্য কোন পক্ষের অভিযোগ-অনুযোগ নেই কেবল এমন লোককেই আপনারা নিয়োগ দেন।”
বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার স ম জাকারিয়া বলেন, “উপস্থিত সবার বক্তব্য শুনে আমি এতোটাই উৎসাহিত হয়েছি যে আমার হতাশা কেটে গেছে।”
তিনি বলেন, “আমি দেশ-বিদেশের অনেক নির্বাচন দেখেছি। আমি নিশ্চিত, আপনারা অনেক দক্ষ। আপনারাই জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।”
আরেক নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় ও নিরপেক্ষ। আমরাও তাই। নির্বাচনে এটি দৃশ্যমান করতে হবে।”
অনুষ্ঠানে অপর দুই কমিশনার মাহমুদ হাসান মনসুর ও মো. সাইফুল আলম উপস্থিত থাকলেও তারা কোনো বক্তব্য দেননি। সভা পরিচালনা করেন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া।
নোয়াখালির জেলা প্রশাসক হাবিবুল কবির চৌধুরী সভায় সারাদেশে সেনা মোতায়েনকে স্বাগত জানান।
রাজশাহীর উপ মহাপুলিশ পরিদর্শক খান সাঈদ হাসান বলেন, “আমার এলাকায় ভোট কেন্দ্রের সংখ্যা ৮ হাজার ১০৫টি। পুলিশ সদস্য ১৩ হাজার থাকার কথা থাকলেও আছে মাত্র সাত হাজার জন। প্রতি কেন্দ্রে একজন করেও পুলিশ দেওয়া সম্ভব নয়। উপরন্তু আছে সর্বহারার উৎপাত।”
