ঈদে নৌপথে কাজ করবে ৪টি ভ্রাম্যমান আদালত
আসন্ন ঈদুল আযহার ছুটিতে লঞ্চ ও স্টিমারে যাত্রী পরিবহনের সুষ্ঠু ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার জন্য চারটি ভ্রাম্যমাণ আদালত নৌপথে কাজ করবে।
রোববার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বলা হয়, প্রতিদিন ২০-৩০ হাজার যাত্রী নৌ-পথে ঢাকা থেকে বিভিন্ন রুটে যাতায়াত করে সেখানে ঈদের ছুটিতে তা বেড়ে দাঁড়ায় ১২ থেকে ১৫ লাখে।
বৈঠক সূত্রে জানা যায়, ত্রুটিপূর্ণ লঞ্চ, অতিরিক্ত যাত্রী বোঝাই, লঞ্চের ছাদে যাত্রী উঠানো ও নৌকা দিয়ে লঞ্চে যাত্রী ওঠানামা বন্ধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সভায় পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বন্দর ও ফেরিঘাট টার্মিনাল ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন লঞ্চ, টার্মিনাল, বিআইডব্লিউটিএ, সমুদ্র পরিবহন অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, শ্রমিক ও লঞ্চ মালিকদের প্রতিনিধি। কমিটির মূল দায়িত্ব থাকবে শান্তি শৃঙ্খলা রক্ষা করা।
সূত্রটি আরও জানায়, ফেরি চলাচল নিশ্চিত করার জন্য বিআইডব্লিউটিএ অতিরিক্ত ফেরির ব্যবস্থা করেছে। পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-কাজিরহাট, মাওয়া-জানাজাত বাজার, চাঁদপুর-শরিয়তপুর রুটে অতিরিক্ত ফেরির ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে।
অতিরিক্ত টার্মিনাল সুবিধা বৃদ্ধির জন্য সদরঘাট টার্মিনালের উপর চাপ কমানো ও যাত্রীদের সুবিধার্থে শ্যামপুর, সিমসন এবং ওয়াইজ ঘাট থেকে বিশেষ ব্যবস্থায় লঞ্চ ছাড়ার ব্যবস্থা করা হবে। এজন্য এ এলাকায় প্লাটুন স্থাপন করা হবে।
বৈঠকে লঞ্চের ছাদে যাত্রী ওঠানো ও অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করার জন্য সরকার ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা হয়। এ ছাড়াও সিদ্ধান্ত হয় যে, লঞ্চে যাত্রী ভরে গেলেই নির্ধারিত সময়ের আগেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
ভ্রাম্যমাণ আদালত স্থাপনের ব্যাপারেও সবাই একমত হন।
সভায় আরও সিদ্ধান্ত হয়, লঞ্চের ভাড়া বাড়ানো হবে না। যদি কোন লঞ্চ ভাড়া বাড়ায় তাহলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈঠক শেষে আজিজুল হক সাংবাদিকদের জানান, ঈদুল আযহার ছুটিতে যাত্রীসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটি তত্ত্বাবধায়ক সরকারের এক ধরনের চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, যানজট এড়াতে রাস্তাঘাটে যাতে গরুর হাট না বসে সে ব্যাপারে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানানো হচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লঞ্চ মালিক সমিতি, বিআইডব্লিউটিএ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা।
