২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সুষম ক্ষেত্র সৃষ্টি করতে কফি আনানের আহ্বান

জাতিসংঘের বিদায়ী মহসচিব কফি আনান বাংলাদেশের নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি সুষম ক্ষেত্র সৃষ্টির জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

কফি আনানের মুখোপাত্র স্টিফেন দুয়ারিক শনিবার এক বিবৃতিতে বলেন, “আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব এখনো উদ্বিগ্ন।”

দুয়ারিক বলেন, “নির্বাচন কমিশনের প্রতি সবার আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে নির্বাচনে লড়াইয়ের একটি সুষম ক্ষেত্র সৃষ্টির জন্য কফি আনান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে নিজেদের মধ্যে মতবিরোধ দূর করার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করছেন।”

বিবৃতিতে বলা হয়, “রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচিতে সহিংসতা পরিহারের যে চেষ্টা করছে জাতিসংঘ মহাসচিব তার প্রশংসা করছেন এবং এ চেষ্টা অব্যহত রাখার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলেও তিনি আশা করেন।”