সিলেটে ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ
ট্রেন দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল।
বগিগুলো সরিয়ে ফেলার পর শনিবার বেলা সোয়া ৯টার দিকে ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়েছে। ট্রেন বন্ধ থাকায় সিলেট রেল স্টেশনে অনেক যাত্রী দুর্ভোগ পোহান।
জানা গেছে, শুক্রবার রাত পৌনে ২টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনটি ভানুগাছ এলাকা পৌঁছালে ইঞ্জিনসহ দুটো বগি লাইনচ্যুত হয়।
সকালে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলে।
সিলেট রেল স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান, লাইনে সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটে।
