‘ড. কামাল হোসেনের জামিন নিয়ে বিভ্রান্তি দুর্ভাগ্যজনক’
রাষ্ট্রদ্রোহ মামলায় ড. কামাল হোসেনের জামিনের জন্য আদালতের কাছে কোনো সুযোগ চাওয়া হয়নি, এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি দুর্ভাগ্যজনক। ড. কামাল হোসেনের চেম্বারের পক্ষে ব্যারিস্টার সারা হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
সারা হোসেন বলেন, “ড. কামাল হোসেনের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়নি। দেশে ফিরলে তাকে যেন গ্রেফতার ও হয়রানি না করা হয় এমন আবেদন জানানো হয়েছিল। বিচারকের কাছ থেকে কোনো সুযোগও চাওয়া হয়নি।”
যোগাযোগ করা হলে ড. কামাল হোসেনের চেম্বার থেকে জানানো হয়, ড. হোসেন একটি আন্তর্জাতিক সালিশে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আছেন। বড়দিনের পরে দেশে ফিরলে রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিনের আবেদন জানানো হবে।
শুক্রবার কয়েকটি পত্রিকায় রাষ্ট্রদ্রোহ মামলায় ‘ড. কামাল হোসেনের জামিনের আবেদনে হাইকোর্ট বিব্রত’ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, ড. কামাল হোসেনের চেম্বারের একজন আইনজীবী রমজান আলী সিকদার টেলিফোনে বিচারপতি মো. রইস উদ্দিনের কাছে ড. কামালের জন্য জামিনের তদবির করেছেন বলে আদালত তা শুনানির অনুমতি দেননি।
ড. কামাল হোসেনের পক্ষে তার চেম্বারের আইনজীবীরা জানান, ৬ ডিসেম্বর বিচারককে ফোন করে জানতে চাওয়া হয়েছিল যে, পরদিন বেঞ্চটি বিচারকাজ করবে কি-না। কারণ সেসময় বিচারকেরা কর্মবিরতি পালন করছিলেন।
গত ১০ ডিসেম্বর এ রাষ্ট্রদ্রোহের এ মামলায় ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার
রোকনউদ্দিন মাহমুদসহ ৭ আইনজীবী বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি
মো. রইস উদ্দিন এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ থেকে আগাম জামিন পান।
ব্যরিস্টার তানিয়া আমীরকে একই বেঞ্চ ১২ ডিসেম্বর জামিন মঞ্জুর করেন। ড. কামাল
বিদেশে থাকায় তাঁর পক্ষে আগাম জামিনের আবেদন জানানো হয়নি।
গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের কোর্ট কিপার ড. কামাল হোসেন, আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদসহ আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে।
গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টা পদ গ্রহণের বৈধতা নিয়ে হাইকোর্ট রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি মামলার কার্যক্রম স্থগিত করায়
সুপ্রিম কোর্টে ব্যাপক ভাংচুরের ঘটনায় শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়।
