চট্টগ্রামে শহীদ মিনারে হাতাহাতি
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেয়ার সময় শুক্রবার মধ্যরাতে ১৪ দল ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বিএনপির সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের উপস্থিতিতে পরস্পরের বিপক্ষে নানা ধরনের শ্লোগান দেয়াকে কেন্দ্র করে উভয় দলের কর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়।
এ সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও বিএনপির অন্যান্য নেতা ছাড়াও জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় বিশ মিনিটের এই হাতাহাতিতে উভয় পক্ষের পাঁচ জন সামান্য আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তবে কোতোয়ালী থানা জানায়, কেউ আহত হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহীদ মিনারে ফুল দেয়ার পর উভয় দলের কর্মী-সমর্থকরা একে অপরের বিপক্ষে শ্লোগান দিতে থাকে। এ সময় মেয়র মহিউদ্দিন ও সাবেক মন্ত্রী নোমান বেদির পাদদেশে পাশাপাশি দাঁড়িয়ে সবাইকে শান্ত হতে বলেন। এর কয়েক মিনিট পর তারা যখন শহীদ মিনার থেকে নেমে আসছিলেন তখন বিএনপির মিছিল থেকে একটি জুতা ছুড়ে মারা হলে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
হাতাহতি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার কারণে আধা ঘন্টা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো বন্ধ থাকে।
পুলিশ লাঠিচার্জ করে উভয় দলের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনার জন্য উভয় দল পরস্পরকে দায়ী করেছে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
