২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছর পর গুয়ানতানামো কারাগার থেকে দেশে ফিরলো মুবারক

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহে গুয়ানতানামো বে কারাগারে আটক বাংলাদেশী মুবারক হোসেন বিন আবুল হাশেম পাঁচ বছর পর রোববার দেশে ফিরে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রোববার মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে সকাল সাড়ে এগারোটায় গুয়ানতানামো বে থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এর পর তাকে বিমান বন্দর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। জানাচ্ছেন আবু সুফিয়ান।

পেন্টাগন চলতি বছরে গুয়ানতানামো কারাগারে আটক ৭৫৯ জনের তালিকা প্রকাশ করলে জানা যায় যে সেখানে মুবারক ও জামাল নামে দুই বাংলাদেশী রয়েছেন। এসব সন্দেহভাজনদের সবাইকে আফগানিস্তান ও পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ১৬ মে পেন্টাগনের প্রকাশিত ওই তালিকা অনুসারে বাংলাদেশী মুবারক হোসেন বিন আবুল হাশেম এর বাড়ি লেখা হয়েছে বাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া)। জন্মের স্থানও ‘বাড়িয়া’, বাংলাদেশ। জন্ম তারিখ দেওয়া হয়েছে ১ জানুয়ারি ১৯৭৮।

আটক অপর বাংলাদেশীর একজনের নাম জামাল মুহাম্মদ আল দ্বীন, বাড়ি ফেনী জেলায়। জামালের জন্ম তারিখ লেখা হয়েছে ১ জানুয়ারি ১৯৬৭, জন্মের স্থান হিসেবে লেখা হয়েছে পাকিস্তানের নাম।

দুইজনেরই জন্মদিন পয়লা জানুয়ারি উল্লেখ করায় বোঝা যায়, আটক দুজনের বয়স সম্পর্কে ধারণা করতে পারলেও তাদের জন্মদিন জানতে পারেনি পেন্টাগন।

মুবারকের পিতা আবুল হাশেম সাংবাদিকদের জানান, উচ্চশিক্ষার জন্য তিনি তার ছেলেকে ১৯৯৮ সালে করাচীর আনোয়ারুল উলুম মাদ্রাসায় পাঠিয়েছিলেন। টিভিতে ছেলের আসার খবর পেয়ে তিনি বিমানবন্দর থানায় এসেছেন বলে সাংবাদিকদের জানান।

গ্রাফিক্স আর্ট কলেজ মসজিদের ইমাম আবুল হাশেম বললেন, নিজের শিক্ষা শেষ করে হাশেম ওই প্রতিষ্ঠানেই শিক্ষকতা করছিলেন। ছয় ছেলে এবং দুই মেয়ের বাবা হাশেম এর সব সন্তানই মাদ্রাসায় লেখাপড়া করেছে।

হাশেম আরো জানান, “করাচী যাওয়ার পর থেকেই মুবারক পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।”

হাশেম জানান, ২০০৪ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রথম জানায় যে, তার ছেলে গুয়ানতানামো কারাগারে আটক রয়েছে। এরপর ২০০৬ সালের ১৫ জুন আবুল হাশেম রেডক্রিসেন্ট এর কাছে ছেলের বিষয়ে জানতে এবং মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক আবেদন করেন। আবেদনের একটি অনুলিপি আমাদের প্রতিবেদক আবু সুফিয়ান দেখেছেন।

নাম না প্রকাশ করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, পাকিস্তান গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ২০০১ সালে আফগান শহর জালালাবাদ থেকে পাকিস্তান ঢোকার সময় মুবারককে আটক করে।

পাকিস্তানের পেশোয়ার ্ওবং করাচীর কারাগারে কয়েক সপ্তাহ আটকে রাখার কিছুদিন পরে ২০০১ সালের শেষদিকে পাকিস্তান সরকার মুবারককে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই হাতে তুলে দেয়।

চলতি বছরের প্রথম ভাগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন গুয়ানতানামো কারাগারের বন্দীদের নামের তালিকা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলো। সারা দুনিয়ার অগুনতি মানবাধিকার সংস্থাগুলোর চাপে এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির মামলা দায়েরের কারণে পেন্টাগন ওই তালিকা প্রকাশে বাধ্য হয়।

গুয়ানতানামো কারাগারে আটক কয়েদীদের মধ্যে সৌদি আরব, আফগানিস্তান, ইয়েমেন ও পাকিস্তানের নাগরিকের সংখ্যা সর্বাধিক। এছাড়াও সেখানে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, বাংলাদেশ, বেলজিয়াম, বসনিয়া, কানাডা, চাদ, চীন, ডেনমার্ক, মিশর, ইথিওপিয়া, ফ্রান্স, ইরান, ইরাক, জর্দান, কাজাখস্তান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, মরক্কো, কাতার, রাশিয়া, সোমালিয়া, স্পেন, সুদান, সুইডেন, সিরিয়া, তাজিকিস্তান, তুরস্ক, উগান্ডা, যুক্তরাজ্য, উজবেকিস্তানের নাগরিকরা রয়েছেন।