এ বিজয় আমাদের সবার
বিজয়ের ৩৫ তম বার্ষিকীতে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শনিবার স্মরণ করেছে শহীদ মুক্তিযোদ্ধাদের।
দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রাম আর বিপুল আত্মত্যাগের পর ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ আনুষ্ঠানিক যুদ্ধ শুরুর পর মুক্তিবাহিনী বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে ১৬ ডিসেম্বর ছিনিয়ে আনে স্বাধীন পতাকা আর মুক্ত লাল সূর্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতি ১৯৭১ সালে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল।
এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে জেনারেল এএকে নিয়াজীর নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী মুক্তি সেনা ও ভারতীয় বাহিনী নিয়ে গড়া মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ।
শনিবার ভোরে সাভারের জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে দিবসের সূচনা করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। এরপর দলীয় নেতা কর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরপরই শুরু হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ।
ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন শেখ হাসিনা।
দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজের উদ্বোধন করেন ইয়াজউদ্দিন আহম্মেদ। সামরিক বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।
প্রধান রাজনৈতিক দল ছাড়াও অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। মহান বিজয় দিবসে মসজিদ, মন্দির, গীর্জাসহ সব উপাসনালয়ে শহীদদের বিদেহী আত্মার শান্তি ও দেশের উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়া ইয়াজউদ্দিন আহম্মেদ, খালেদা জিয়া ও শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বানী দিয়েছেন।
