গফরগাঁওয়ে আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন গফরগাঁও উপজেলার মশাখালি ইউনিয়নের চারবাড়িয়া বাজারে শুক্রবার সকালে।
তাদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ আহবায়ক ও সাবেক সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজ এবং যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলের সমর্থকরা মশাখালি ইউনিয়নের চারবাড়িয়া বাজারে শুক্রবার বিকেলে একই সময়ে সমাবেশ ডাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুলবুল সমর্থকরা শুক্রবার সকালে গোলন্দাজ সমর্থকদের সভামঞ্চ ভাংচুর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন।
আহতদের মধ্যে মানিক (১৮), নুরুল ইসলাম (২৮), চানু মিয়া (৩৫), বাসেত (৩০) ও আফসারিনকে (১৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে বিকেলে আলতাফ হোসেন গোলন্দাজ সমর্থকরা পুলিশ পাহারায় সমাবেশ করে। সাবেক ইউপি চেয়ারম্যান হাসমত ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজ, আতাউর রহমান বাচ্চু, ইউপি চেয়ারম্যান নাজমূল হক ঢালী ও মোস্তফা কামাল মনি বক্তব্য রাখেন।
