মোল্লাহাটে সংঘর্ষে ৪০ জন আহত, গুলিবিদ্ধ ১০
মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামে শুক্রবার দুপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের শিকদার ও সরদার বংশের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয়পক্ষ ঢাল, সড়কি, লাঠি, বল্লম এবং বন্দুক ব্যবহার করে।
চুনাখোলা ইউপি চেয়ারম্যান ওয়ালিদ শিকদার জানান, পূর্ব বিরোধের জের ধরে সরদার পক্ষের সমর্থকরা শুক্রবার দুপুরে শিকদার পক্ষের কুটি শিকদার, আতা শিকদার, আওলাদ শিকদার, জাহিদ শিকদার ও আলমগীর শিকদারের বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
শিকদার পক্ষের আহত ১৮ জনকে মোল্লাহাট হাসপাতালে, ৪ জনকে খুলনায় এবং সরদার পক্ষের ১৭ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে সরদার পক্ষের ১৭ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন ইউসুফ চৌধুরী (৫৫), ইউনুস চৌধুরী (৪৫), হান্নান সরদার (৪০), আকরাম মোল্লা, (৪৫) ও ইকরাম মোল্লা (৪০)।
শিকদার পক্ষের আহত তৈয়ব চৌধুরী ও আওলাদ শিকদার দাবি করেছেন, সরদার পক্ষের সমর্থকরা তাদের উপর গুলি ছুঁড়লে তারা আত্মরক্ষার জন্য ইট পাটকেল ছুঁড়েছেন মাত্র।
সরদার পক্ষের চিকিৎসাধীন ইউসুফ চৌধুরী (৫৫) স্থানীয় সাংবাদিকদের জানান, একটি সালিশে অংশ নিতে যাওয়ার পথে প্রতিপক্ষ আওলাদ শিকদারের লোকেরা তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা নিরস্ত্র ছিলেন।
এ ঘটনায় শিকদার পক্ষের আহত নজরুল ইসলাম কুটি বাদী হয়ে মোল্লাহাট থানায় সরদার পক্ষের ২৪ জনকে আসামী করে একটি মামলা করেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার এ কে এম সহিদুর রহমান সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহারের সত্যতা স্বীকার করেছেন।
মোল্লাহাট থানার ওসি মুস্তাফিজুর রহমান মামলার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সিংগাঁতি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
