রাজনৈতিক অস্থিরতায় বিজয়ের উৎসব
এক গুমোট ও অস্থির রাজনৈতিক পরিবেশের মধ্যে শনিবার মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় বিজয়ের ৩৫তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে জাতি।
দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রাম আর বিপুল আত্মত্যাগের পর ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ আনুষ্ঠানিক যুদ্ধ শুরুর পর মুক্তিবাহিনী বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে ১৬ ডিসেম্বর ছিনিয়ে আনে স্বাধীন পতাকা আর মুক্ত লাল সূর্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতি ১৯৭১ সালে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল।
এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে জেনারেল এএকে নিয়াজীর নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী মুক্তি সেনা ও ভারতীয় বাহিনী নিয়ে গড়া মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ।
বিজয়ের ৩৫তম বার্ষিকীতে শনিবার মহান স্বাধীনতা সংগ্রামে আত্মউৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাবে গর্বিত জাতি।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “জনগণ বহু ত্যাগ-তিতীক্ষা এবং আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্জন করেছে। এ অর্জনকে অর্থবহ ও সুসংহত করতে প্রয়োজন সামষ্টিক উদ্যোগ এবং ঐক্যবদ্ধ প্রয়াস।” তিনি আগামী সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
জাতিসংঘ বাংলাদেশের বিজয় দিবস পালন উপলক্ষে শনিবার বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রের প্লেনারি হলে দুই ঘণ্টাব্যাপী ‘শান্তি’ বিষয়ক অনুষ্ঠানমালা আয়োজন করেছে।
শুক্রবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্য পদ লাভের পর পতাকা উত্তোলনের ভিডিও চিত্র এবং এই বিশ্বসংস্থায় বাংলাদেশের কার্যক্রমের ওপর স্থির চিত্র প্রদর্শন করা হবে।
বিএনপি, আওয়ামী লীগ, বাসদ, গণমুক্তি আন্দোলন, জাকের পার্টি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গার্মেন্ট শ্রমিক এক্য পরিষদ বিজয় দিবসে দলের পক্ষ থেকে নেয়া কর্মসূচির বিবরণ দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে বিবৃতি পাঠিয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বাড়িতে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এমন একটা সময় বিজয়ের ৩৫তম বার্ষিকী উদযাপিত হচ্ছে যখন বাংলাদেশে বিরাজ করছে তীব্র রাজনৈতিক সংকট। নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার নিয়ে প্রধান দুই দলের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট মুখোমুখি অবস্থান নিয়েছে।
মহান বিজয় দিবসে মসজিদ, মন্দির, গীর্জাসহ সব উপাসনালয়ে শহীদদের বিদেহী আত্মার শান্তি ও দেশের উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রনিয়ন্ত্রিত বিটিভি এবং অন্য টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিজয় দিবসে সেনা, নৌ ও বিমান বাহিনীর বাদক দল রাজধানীর ক্রিসেন্ট লেক, ফার্মগেট এবং মিরপুর স্টেডিয়ামে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে।
বিবৃতিতে আরো বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদ শুক্রবার তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় আট দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন।
এছাড়া ভারতীয় দূতাবাস ধানমন্ডির নৃত্য ও সঙ্গীত শিক্ষা কেন্দ্রে স্বাধীনতা যুদ্ধের ওপর ১৬ দিনব্যাপী ছবি প্রদর্শনীর আয়োজন করেছে।
বিজয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনে এরই মধ্যে সাভারের জাতীয় স্মৃতি সৌধ, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এবারই প্রথম সুবিধাবঞ্চিত পথশিশুরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানমালায় অংশ নেবে। আনসারের একটি দল এ জন্য ৩৫ পথশিশুকে প্রশিক্ষণ দিয়েছে।
