২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের কুচকাওয়াজ শিশু-কিশোরদের কতটা আনন্দ দেয়

প্রতি বছর স্বাধীনতা ও বিজয় দিবসে বিভিন্ন স্কুল ও সংগঠন থেকে ছাত্রদের নিয়ে বিশেষ প্যারেডের আয়োজন করা হয় শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে। এই আয়োজন কতটা আনন্দদায়ক হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ শরীফ ও মেহেদী আল মামুন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

অনামিকা এবার ক্লাস নাইনে পড়ে। চার বছর আগে যখন সে ক্লাস ফাইভে ছিলো তখন তাকে যেতে হয়েছিলো স্বাধীনতা দিবসের মার্চপাষ্টে। ঘটনাটা শুনুন তার মুখেই, “তখন চলছিলো ফাইনাল পরীক্ষা। পুরোদমে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। এর মধ্যেই ক্লাসটিচার বললেন, স্বাধীনতা দিবসের মার্চপাষ্টে যেতে হবে। আমরা প্রতিবাদ করলাম কিন্তু মিসের সেই এক কথা, মার্চপাষ্টে গেলে টিভিতে সেটা দেখাবে, স্কুলের নাম প্রচার হবে। চারদিকে ছড়িয়ে পড়বে স্কুলের সুনাম। এ অনুষ্ঠান মিস করা যাবে না। যে যেতে চাইবে না পরীক্ষায় তার মার্কস কাটা যাবে।

অগত্যা লেখাপড়া ফেলে রোদের মধ্যে টানা চার ঘন্টা অনুষ্ঠান করতে হলো। সেবার পরীক্ষা খারাপ হয়েছিলো। আমার রোল এগারো থেকে হয়েছিলো পঁচিশ। তবে মনে আছে, প্যারেডের সময় যে সন্দেশ খেতে দিয়েছিলো সেটা খুব মজা লেগেছিলো।”

ঘটনা-০২: সবুজ থাকে খুলনায়। সে এবার ক্লাস এইটে। গতবার স্বাধীনতা দিবসের মার্চপাষ্টে অংশ নেবার সুযোগ হয়েছিলো সবুজের। চলুন অভিজ্ঞতাটা সবুজের মুখ থেকেই শেয়ার করি, “স্কুলে ক্লাস শুরুর আগে প্রতিদিনই আমরা প্যারেড করি। খুব একটা কঠিন কাজ নয়। স্যারের মুখ থেকে যখন প্যারেডে যাবার কথা শুনলাম তখন বেশ মজাই লেগেছিলো। কিন্তু প্যারেড গ্রাউন্ডে গিয়ে বুঝলাম কী ভুলটাই না করেছি। দুপুরের তীব্র রোদের মধ্যে প্যারেড করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। দ্রুত ডাক্তার দেখানো হলো। তবে সেবার আর ফাইনাল পরীক্ষাটা দেয়া হয়নি।”

ঘটনা-০৩: টুম্পা স্বাধীনতা দিবসের মার্চপাষ্টে গিয়েছে মোট দু’বার। অন্যদের চেয়ে তার অভিজ্ঞতার ভান্ডার অনেক সমৃদ্ধ। “আমাদের নেওয়ার জন্য স্কুল থেকে গাড়ি এসেছিলো। গাড়ি দেখে সবাই হৈ চৈ করে উঠে পড়লাম। গ্রাউন্ডে গেলাম, রোদে দাঁড়ালাম। তখনো প্যারেড শুরু হয়নি। নেতারা একের পর এক ভাষণ দিচ্ছেন। টানা এক ঘন্টা ভাষণ শুনলাম তবুও আমার খুব একটা সমস্যা হলো না সেই পূর্বাভিজ্ঞতার কারনে। তবে অন্যদের অবস্থা ততক্ষনে খারাপ হওয়া শুরু করেছে। তবুও মুক্তি নেই। আধ ঘন্টা পরে যখন প্যারেড শুরু হলো, সত্যি কথা বলতে কি আমাদের প্যারেড করার মতো অবস্থা তখন আর ছিলো না।”

প্যারেডের প্রক্রিয়া

বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হচ্ছে প্যারেড বা কুচকাওয়াজ। স্বাধীনতার পর থেকেই এ আয়োজন হয়ে আসছে। ঢাকার বিভিন্ন নামকরা স্কুল, মাদ্রাসাসহ ঢাকার বাইরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা এতে অংশ নেয়। তবে শারীরিক কৎসরত বা ডিসপ্লের জন্য এ ক্ষেত্রে ভারতেশ্বরী হোমসের বিশেষ খ্যাতি রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে আগেই চিঠির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য জানিয়ে দেয়া হয়। সে অনুযায়ী শারীরিক শিক্ষকগন পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে ছাত্রছাত্রীদের তৈরী করে নেন। প্যারেড গ্রাউণ্ড বা ভেন্যু হিসেবে সচরাচর বঙ্গবন্ধু স্টেডিয়ামকে বেছে নেয়া হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয় যানবাহনও খাবার সুবিধা দিয়ে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুচকাওয়াজ, দেশাত্ববোধক গান, নৃত্য পরিবেশনা, শারীরিক কসরত বা ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ব্যাপ্তিকাল বেশি হওয়ায় ছাত্রছাত্রী ও কর্তৃপক্ষকে যথেষ্ট কষ্ট স্বীকার করতে হয়।

ভারতেশ্বরী হোমসের পক্ষ থেকে অংশগ্রহণ করা প্রাক্তন ছাত্রী লুৎফুন্নাহার পপি বলেন, অনুষ্ঠানটি যেহেতু জাতীয়ভাবে অনুষ্ঠিত হয় তাই এতে অংশ নেয়াও গৌরবের ব্যাপার। কিন্তু এর পেছনে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়। অনুষ্ঠানটি একটানা হওয়ার ফলে ক্ষুধার কষ্টতো আছেই, সারাদিন রোদের মধ্যে থাকতে হয়। এমনকি পোশাক পাল্টানোর জন্যও নির্দিষ্ট কোনো রুম দেয়া হয়না। ফলে সারাদিনের প্রস্ততি একবারেই নিয়ে যেতে হয়।

প্যারেডে অংশগ্রহণের জন্য কোনো সম্মানী দেয়া হয়না।

অনুষ্ঠানে যোগদান প্রসঙ্গে ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য রোয়েনা হোসেন জানান, আমাদের স্কুল প্রায় প্রতিবছরই অনুষ্ঠানে অংশ নেয়। এছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় বলে আমাদের প্রায় সবসময়ই প্রস্তুত থাকে।

শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি

লুবাবা রাজিন। পড়ছে লালমাটিয়া স্কুলে, ক্লাস ফোরে। এবারের বিজয় দিবসের প্যারেডে সে অংশ নেবে। এ জন্য প্রতিদিন স্কুলে প্রশিক্ষন নিতে হচ্ছে। বললো, “ এ কয়দিনেই বেশ হাঁপিয়ে উঠেছি। ট্রেনিং নিতেই প্রায় পুরো দিনটাই শেষ।” বিজয়ের আনন্দে প্যারেড আর র‌্যালির সঙ্গে অন্য কিছু করার দাবি জানালো সে যা তাদের আনন্দ দেবে।

একই স্কুলের শিক্ষক বদরুন্নাহার শিল্পী। এই প্রসঙ্গে বললেন, “বিশ্বের প্রায় দেশই তাদের বিজয় দিবস উদযাপন করে অনেক আনন্দে, মজায়। সেখানে শিশুদের জন্য থাকে মজার মজার খেলা। থাকে অনেক খাবারের ব্যবস্থা, পুতুল নিয়ে খেলা, দুরে কোথাও দল বেধে ঘুরতে চাওয়া, আরো অনেক কিছূ। কিন্তু আমাদের বিজয় উৎসব এক যুগ আগেও যেভাবে পালন করা হতো, আজও সেভাবেই হচ্ছে। আসলে শিশুদের জন্য সরকারিভাবে আরো আয়োজন থাকা জরুরী।”

আরেক অভিভাবক মো. আসলাম বললেন, “তীব্র রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা শিশুদের দাঁড় করিয়ে রাখাটা যে বুদ্ধিমানের কাজ না, এটা আমাদের শিক্ষক আর নীতি নির্ধারকরা বুঝতে চান না। তাছাড়া এটাও ভেবে দেখা দরকার যে প্রতি বছর একই ধরনের অনুষ্ঠান করলে তা কতটুকুই বা জনপ্রিয় থাকে। দর্শকদের চোখের শান্তির জন্য একটা নতুন কিছু করা এবং শিশুদের জন্য কাজটাকে আরো সহজ ও আনন্দদায়ক করা খুবই প্রয়োজন।”

আরো অনেক ছাত্র, শিশু, শিক্ষকের চাওয়া প্রায় একই। সবারই চাই বিজয় দিবসে আরো অনেক অনেক আনন্দ। নতুন নতুন উৎসব-আয়োজন।