মাসকট প্লাজা থেকে ডাকাতি হওয়া তিন কেজি সোনা উদ্ধার
রাজধানীর উত্তরার মাসকট প্লাজার চারটি দোকানে ডাকাতির আট দিন পর বৃহস্পতিবার সকালে গোয়েন্দারা তেজগাঁও বস্তি এলাকা থেকে তিন জনকে গ্রেফতার ও প্রায় তিন কেজি সোনা উদ্ধার করেছে।
এর আগে মার্কেটের নিরাপত্তায় নিয়োজিত এসএমএস সিকিউরিটি কোম্পানির পলাতক দুই সদস্যের মধ্যে বাচ্চু মিঞাকে বুধবার রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।
সে জানিয়েছে, হারুন মোল্লা নামে মিথ্যা পরিচয়ে সিকিউরিটি কোম্পানিতে চাকরি করত।
তার দেয়া তথ্যের ভিত্তিতে ডিবির নয় নম্বর টিম তেজগাঁও বস্তি থেকে নূরুল ইসলাম, শম্ভূ চক্রবর্তী ও আনোয়ার হোসেনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে দুই কেজি ৭৪৯ গ্রাম সোনা উদ্ধার করে।
বাকি সোনা উদ্ধারের জন্য তাদের নিয়ে ঢাকার বাইরে অভিযান চলছে।
বৃহত্তম এই ডাকাতির পর এফবিসিসিআই, বাংলাদেশ স্বর্ণ ব্যবসায়ী সমিতি ও মাসকট প্লাজা ব্যবসায়ী সমিতির চাপের মুখে মামলাটির তদন্ত ভার ডিবির পাশাপাশি র্যাব, সিআইডি, ডিবি ও এসবিসহ আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাকে সম্মিলিতভাবে দেয়া হয়।
মাসকট প্লাজা ব্যবসায়ী সমিতি ডাকাতির ঘটনায় এসএমএস সিকিউরিটি কোম্পানির চেয়ারম্যান সাবেক ব্রিগেডিয়ার ড্যানিয়েল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদাকে দায়ী করে তাদের গ্রেফতার দাবি করেছেন ।
সমিতির সভাপতি এপিকেএম আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এর পাশাপাশি সমিতির পক্ষে তিনি মাসকট প্লাজার মালিক জিয়াউল হকসহ কর্তৃপক্ষের বিরুদ্ধে ১২টি অভিযোগে সাড়ে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে উকিল নোটিশ পাঠিয়েছেন।
৬ ডিসেম্বর মাসকট প্লাজা মার্কেটের চতুর্থ তলায় প্রেয়সী জুয়েলার্স, নিউ প্যারোমা জুয়েলার্স, কণিকা জুয়েলার্স ও আই কে জুয়েলার্স থেকে ১২০ কেজি বা ১১ হাজার ভরি স্বর্ণালংকার ডাকাতি হয়।
