বাগেরহাটে বধ্যভূমি স্মৃতিসৌধ উদ্বোধন
স্বাধীনতার ৩৫ বছর পর বাগেরহাটে বৃহম্পতিবার বধ্যভূমি স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বাগেরহাট জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহরের পুরাতন সার্কিট হাউজ চত্বরে নবনির্মিত এই বাগেরহাট বধ্যভূমি স্মৃতিসৌধের আনুষ্ঠানিক উদ্বোধন করে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের প্রায় পুরোটা সময় ধরে পাকবাহিনী ও আল বদর বাহিনীর সদস্যরা বাগেরহাটের নারী-শিশু নির্বিশেষে কয়েক হাজার বাঙালীকে ধরে এনে নির্যাতনের পর গুলি ও জবাই করে হত্যা করে। এই ঘটনাকে স্মরণ করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে চলতি বছর প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করা হয়।
বাগেরহাট গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছরই স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ শেষ করা হয়।
সকাল ৮ টায় বাগেরহাটের জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এই বধ্যভূমি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নাম না জানা সেইসব শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে। এ সময় পুলিশের চৌকস একটি দল বিউগলের করুণ সুরে অভিবাদন জানায়। অভিবাদন গ্রহণ করে সম্মান প্রদর্শন করেন বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
