ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বাগমারায় হরতাল বুধবার
গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকারের হত্যাকারীদের বিচার দাবিতে ১৪ দল আগামী সোমবার বাগমারার প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ ও বুধবার পূর্ণ দিবস হরতাল ডেকেছে।
নগরীর কাদিরগঞ্জে বৃহস্পতিবার দুপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আওয়ামীলীগ নেতা ও সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের মহানগর সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এছাড়া সেখানে উপস্থিত জাহাঙ্গীরের মা জোবেদা খাতুন, স্ত্রী আনোয়ারা বেগম ও ছোট ভাই আলমগীর হোসেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে পরিবারের নিরাপত্তা দাবি করেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরের পরিবার অভিযোগ করে, সর্বহারা গ্রুপগুলোর সন্ত্রাসীরা এক সময় বাংলা ভাইয়ের ক্যাডার হিসেবে বিভিন্ন অপরাধ করেছে। জেএমবির উত্থানের সময় তারা বাগমারার অনেক নিরীহ লোকজনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
১০ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
