নারায়ণগঞ্জে নৈশ প্রহরী খুন
নারায়ণগঞ্জ শহরের টানবাজারে বুধবার রাতে হারুন অর রশিদ (২৫) নামের এক্সিম ব্যাংকের এক নৈশ প্রহরী খুন হয়েছেন।
তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আবদুল্লাহপুর গ্রামে। তার বাবার নাম আবু তাহের।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
পুলিশ জানায়, হারুন ঢাকার কুড়িল এলাকার এলিট ফোর্সের কর্মচারি ছিলেন। এক্সিম ব্যাংক ওই প্রতিষ্ঠান থেকে তাকে টানবাজার শাখায় নিয়োগ দেয়। বুধবার রাত ৮টার দিকে তিনি ব্যাংকে আসেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সহকর্মী আব্দুল লতিফ গলায় চাদর পেঁচানো হারুনের লাশ ভবনের সিড়ির র্যালিংয়ে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে কিছু বলা যাচ্ছে না।
