২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইট পরিচালনার সময় বাড়িয়েছে বিমান

বাংলাদেশ বিমান হজ ফ্লাইট পরিচালনার সময় তিন দিন বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সব হজযাত্রীর সৌদি আরব পৌঁছানো নিশ্চিত করতেই এ ব্যবস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 11:20 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় অতিরিক্ত আরও তিন দিন সময় বাড়িয়ে হজ ফ্লাইট পরিচালনার সময় ২৮ ডিসেম্বর নির্ধারণ করার আবেদন জানিয়েছে।

উত্তরা হাজী ক্যাম্পের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, “বর্তমানে কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অ্যামিরাটস ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজ ফ্লাইট চলছে। ২২ ডিসেম্বর তাদের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সৌদি সরকারের কাছ থেকে বিমান অবতরণের জন্য অতিরিক্ত স্লট বরাদ্দের অনুমতি পাওয়ার চেষ্টা চলছে।”

হজ ক্যাম্পের কর্মকর্তা আবি আব্দুল্লাহ বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, “তিন দিনে আমরা ১০ হাজার হজযাত্রীকে পাঠানোর আশা করছি।”

আব্দুল্লাহ আরও জানান, “বিমানকে অতিরিক্ত স্লট বরাদ্দ দেওয়ার জন্য এর আগে বাংলাদেশ সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এ পর্যন্ত আমরা ১২ হাজার ২শ’ ৯৪ জন এবং অন্যান্য এয়ারলাইন্সগুলো প্রায় ১৭ হাজার হজযাত্রী পরিবহন করেছে।”

সব হজযাত্রীকে নিয়ে যেতে সমর্থ হবেন বলে এমএ মোমেন আশাপ্রকাশ করেন। তবে বেসরকারি ট্রাভেল এজেন্টদের অব্যবস্থাপনার কারণে কিছু হজযাত্রী যথাসময়ে নাও পৌঁছাতে পারেন বলেও তিনি আশংকা প্রকাশ করেন।

হজ ক্যাম্পের কর্মকর্তারা আরও জানান, ৩৪ হাজার ৫শ’ ভিসার বিপরীতে বুধবার পর্যন্ত মোট ১৪ হাজার ২শ’ ৫০ জন বেসরকারি হজযাত্রী মক্কা গেছেন।

বিমানের দুটি ফ্লাইটে বুধবার ৮৮০ জন হজযাত্রী পরিবহন করা হয়।

এদিকে ২০টি ফ্লাইট বাতিল এবং খালি আসনের কারণে এখন পর্যন্ত বিমানের ২৯ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। বিমানের মোট ৬৮টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। এখন পর্যন্ত ২৩টি ফ্লাইট চলেছে।