২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার কানাডায় যাচ্ছেন ১৩ রোহিঙ্গা শরণার্থী

কানাডায় আশ্রয় পেয়েছেন বাংলাদেশে চলে আসা ১৩ জন রোহিঙ্গা শরণার্থী। বৃহস্পতিবার ভোর ৫ টা ২০ মিনিটে তাদের ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে রওনা হওয়ার কথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এই প্রথম বাংলাদেশ থেকে কোনো রোহিঙ্গা শরণার্থী বিদেশে পুনর্বাসিত হতে যাচ্ছেন।

শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার (ইউএনএইচসিআর) এর জাতীয় সুরক্ষা কর্মকর্তা উত্তম কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে এ তথ্য জানান।

উল্লেখ্য, সোমবার বিকালে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সংস্থার উদ্যোগে আয়োজিত আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি পিয়া প্রিজ ফিরি এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এর আগে ১৩ শরণার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়া তাদের ইংরেজী ভাষায় কথা বলার ওপরেও দেওয়া হয় একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ।

জাতিসংঘের আইন অনুযায়ী, শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন, তারা যে দেশে আশ্রয় নিয়েছেন, নাগরিক হিসেবে সে দেশেই অথবা অন্য কোনো দেশে-এই তিনভাবে পুনর্বাসন করা যায়।

মায়ানমারের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ১৯৯২-৯৩ সালে হাজার হাজার রোহিঙ্গা এ দেশের সীমান্ত জেলা কক্সবাজারে আশ্রয় নেন।

ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে এ পর্যন্ত দুই লাখ ৩৭ হাজার শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন।

তবে উখিয়া ও কুতুপালং এর দুটি আশ্রয় শিবিরে এখনও পুনর্বাসনের অপেক্ষায় আছেন আরও প্রায় ২৬ হাজার শরণার্থী।