পুলিশ হেফাজতে আ. লীগ নেতার মৃত্যু
রাজশাহীতে পুলিশ হেফাজতে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে বুধবার সকালে। তবে পুলিশ বলেছে, অতিরিক্ত মদ খাওয়ায় হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
বিভিন্ন সুত্রে জানা যায়, তালাইমারী এলাকা থেকে মদ খেয়ে মোটর সাইকেলে করে বাড়ী ফেরার পথে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাক্কারুল ইসলাম বুলবুল ও আরেক নেতা অলক কুমার দাস বোসপাড়া রাস্তার পাশে একটি ড্রেনে পড়ে যান মঙ্গলবার রাত একটার দিকে। এ সময় বোয়ালিয়া থানা পুলিশের একটি টহল দল মোটর সাইকেলসহ তাদের আটক করে।
এসআই সোহেল রানা একটি জিডি করে মোটর সাইকেলটি জব্দ এবং অলক দাস ও জাক্কারুলকে আটক করেন। পরে অলককে ছেড়ে দেয়া হলেও থানায় আটক রেখে জাক্কারুলের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, এক পর্যায়ে জাক্কারুল অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
বোয়ালিয়া থানার ওসি এ কে আজাদের সাথে কথা যোগাযোগ করা হলে তিনি বলেন, মাতাল আবস্থায় তাকে বোয়ালিয়া থানা পুলিশ বোসপাড়ার রাস্তার পাশে একটি ড্রেন থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে তার ওপর নির্যাতন চালানোর কথা তিনি অস্বীকার করেন।
তিনি আরো বলেন, তার মৃত্যুর কারণ বলা যাবে ময়নাতদন্তের পর। জাক্কারুলের মৃত্যুর ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।
লাশের ময়না তদন্ত দুপুরে সম্পন্ন হয়। তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক সহকারি অধ্যাপক এমদাদুর রহমান বলেছেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানার জন্য ভিসেরা সংরক্ষণ করে রাসায়নিক পরীক্ষার জন্য তা মহাখালীতে পাঠানো হয়েছে।
