সাংবাদিক গৌতম হত্যার আসামী অ্যাপোলো আটক
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার আসামী অ্যাপোলোকে র্যাব-৮ এর সদস্যরা মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলা কারাগারের সামনে থেকে মাদকদ্রব্যসহ আটক করেছে।
র্যাব সূত্র জানায়, দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী অ্যাপোলো বিশ্বাস (৩২) হাইকোর্ট থেকে জামিনে ছিল। মঙ্গলবার বিকেলে অ্যাপোলো বন্দি হাজতিদের কাছে পানির বোতলে করে বাংলা মদ সরবরাহ করার সময় তাকে আটক করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে অ্যাপোলো জানান, দীর্ঘদিন ধরেই তিনি ফরিদপুর জেলা কারাগারসহ বিভিন্ন স্থানে মদ, গাঁজা ও ফেনসিডিল বিক্রির কাজ করছেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
র্যাব বাদী হয়ে এ ব্যাপারে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। অ্যাপোলোকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
