ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধু খুন
স্বামীর হাতে রুনা বেগম (২৬) নামের এক গৃহবধু খুন হয়েছেন সদর থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে মঙ্গলবার রাতে।
নাম প্রকাশ না করার শর্তে সদর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, দাম্পত্য কলহের জের ধরে আবদুল খায়ের তার তৃতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ হাত ও পা ভাঙ্গা অবস্থায় বুধবার সকালে রুনার লাশ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে কাশিনগর গ্রামের মৃত হিরা চানের ছেলে আবদুল খায়েরের সঙ্গে বিয়ে হয় রুনার। আবুল খায়ের আরও একটি বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে তাদের মধ্যে শুরু হয়ে যায় দাম্পত্য কলহ। এছাড়া আর্থিক অনটনও কলহের আরেকটি কারণ।
সর্বশেষ মঙ্গলবার সকালে ঘরের টিনের চাল বিক্রিতে বাধা দেওয়ায় আবুল খায়ের ক্ষিপ্ত হয়ে রুনাকে পেটাতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিকেল সাড়ে চারটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, পুলিশ লাশ নিয়ে এখনো ঘটনাস্থল থেকে থানায় ফেরেনি।
এ ব্যাপারে এ পর্যন্ত কোন মামলা হয়নি।
