রাজধানীর মগবাজার থেকে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ১২টি আগ্নেয়াস্ত্র এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশ বড় মগবাজারের ২৭৩ নং বাড়ি থেকে রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানায়, ওই বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও অবৈধ আগ্নেয়াস্ত্রধারী অবস্থান করছে বলে গোপন সংবাদ পাওয়ার পর এ বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশের দলটি রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি বিদেশি রিভলবার, দুটি হাতে বানানোসহ সাতটি পিস্তল এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করে।
গোয়েন্দা পুলিশের এসআই আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “সন্ত্রাসীরা ওই বাড়ির একটি মেসে বসবাস করতো। কিন্তু অভিযানের আগেই রফিক বাদে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল বলেও তিনি জানান।
