আলী আশরাফ লোদীর নিয়োগ বেআইনী নয় কেন: হাইকোর্টের রুল
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে আলী আশরাফ লোদীর পদোন্নতি কেন বেআইনি হবে না এবং তিনি কোন ক্ষমতাবলে এ পদে বহাল রয়েছেন তার কারণ দেখাতে হাইকোর্ট মঙ্গলবার রুল নিশি জারি করেছে।
একই সঙ্গে বিচার বিভাগীয় কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে আইন মন্ত্রণালয়ে পদোন্নতি বা এ ধরনের নিয়োগ কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না সরকারের মন্ত্রপরিষদ সচিব ও সংস্থাপন সচিবকে আগামী ৬ সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চে শাহদীন মালিকের দায়ের করা জনস্বার্থ রিট মামলার প্রেক্ষিতে এই আদেশ দেন।
আলী আশরাফ লোদী চট্টগ্রামের জেলা জজ ছিলেন। তাকে প্রথমে যুগ্ম সচিব পদে প্রেষণে আইন মন্ত্রণালয়ে নিয়োগ করা হয়। পরে চলতি বছর ৮ মার্চ তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়।
রিট আবেদনে এসব উল্লেখ করে বলা হয়, সংবিধানের ২২ ও ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথককরণে মাজদার হোসেন মামলার রায় লঙ্ঘন করে পরিপন্থিভাবে বিচারবিভাগীয় কর্মকর্তাদের প্রশাসনিক পদে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হচ্ছে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশাসনিক পদে নিয়োগ দেয়া যাবে না।
