২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংগীত রিংটোনের ওপর হাইকোর্টের রুল

জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন হিসাবে ব্যবহার করার বৈধতা নিয়ে দায়ের করা রিট মামলায় হাইকোর্ট সোমবার রুলনিশি জারি করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সেইসঙ্গে জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন হিসাবে ব্যবহার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে সরকার ও মোবাইল ফোন কোম্পানিগুলোকে কারণ দেখাতে বলা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এডভোকেট কালিপদ মৃধার দায়ের করা জনস্বার্থ রিট মামলার প্রেক্ষিতে এই রুল জারি করে।

সরকারের সংস্কৃতি সচিব, টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজি, গ্রামীন ফোন, বাংলা লিংক, একটেল, সিটি সেল ও টেলিটকের প্রধান নির্বাহী এবং দৈনিক যুগান্তরের সম্পাদককে আগামী ৬ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, জাতীয় সংগীত কখন কিভাবে এবং কোথায় বাজানো হবে তা জাতীয় সংগীত বিধি ১৯৭৮ এ উল্লেখ করা আছে। মোবাইলের রিংটোন হিসাবে জাতীয় সংগীতের ব্যবহার এই বিধি পরিপন্থী। কোন বাণিজ্যিক উদ্দেশ্যে জাতীয় সংগীতের এই ধরনের ব্যবহার জনস্বার্থ ও দেশের সাধারন নাগরিকের মৌলিক অধিকার পরিপন্থী।

রিট আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ।