চার উপদেষ্টার পদত্যাগ দুর্ভাগ্যজনক: আনোয়ার চৌধুরী
চার উপদেষ্টার পদত্যাগকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী বলেছেন।
সোমবার রাজধানীর ঢাকা ক্লাবের অনুষ্ঠিত নারী সাংবাদিকদের মুখোমুখি শীর্ষক এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, “এ খবরে আমরা বিস্মিত হইনি। তত্ত্বাবধায়ক সরকারের বেশ কয়েকজন সদস্য বেশ কিছু ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন এবং তাদের মাঝে হতাশাও ছিল। তবে চার উপদেষ্টার পদত্যাগ একটি দুর্ভাগ্যজনক ঘটনা যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।”
“তত্ত্বাবধায়ক সরকার এমন চারজন উপদেষ্টাকে হারালো যারা তাদের সততা এবং পেশাদারিত্বের জন্য প্রশংসিত। আমরা আশা করবো, তাদের পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সেইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে যত শিগগির সম্ভব পদক্ষেপ নেওয়া হবে।”
কানাডীয় দূতাবাসের সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কম্যুনিকেশনস (বিসিডিজেসি)।
পরে বিসিডিজেসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ার চৌধুরীকে উদ্ধৃত করে বলা হয়, “যেকোন গণতান্ত্রিক নির্বাচনকে সবার আস্থা অর্জন করতে হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমান সুযোগের মাধ্যমে এমন একটি নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে হয় যাতে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ গড়তে দেশের সব রাজনৈতিক দল, নেতৃত্ব এবং ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন আনোয়ার চৌধুরী।
ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের কোন দেশেই ক্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা যায় না। এটি অসম্ভব।
সেনা মোতায়েন সিদ্ধান্তের যৌক্তিকতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সেনা মোতায়েনের ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। তবে এসব সিদ্ধান্ত সবার সাথে আলাপ করে নেওয়াই প্রত্যাশিত।
তিনি বলেন, পেশাদারিত্বের গুনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গণে সুনাম কুড়িয়েছেন।
আনোয়ার চৌধুরী আশা প্রকাশ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সেনাবাহিনী জনপ্রশাসনকে সহযোগিতা করবেন।
বাংলাদেশকে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রতি ব্রিটিশ আগ্রহের এটিই একমাত্র কারণ নয়। একটি সম্ভাবনাময় গণতান্ত্রিক দেশ হিসেবে ১৫ কোটি জনগোষ্ঠির বাংলাদেশের ভবিষ্যতের জন্য আগামী নির্বাচন শুধু এ দেশের মানুষের কাছেই নয়, সারা বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
