২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দু গ্রুপে আবারও সংঘর্ষ, আহত ৪০

শহরের কান্দিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার ছাত্রদলের দুই গ্রুপের আবারও ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দুপুরে একঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় বন্দুকযুদ্ধ এবং ব্যাপক বোমাবাজি চলে বলে এলাকাবাসী দাবি করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এ সময় নারী ও শিশুসহ আহত হয় অন্তত ৪০ জন। পরে পুলিশ ৪৭ রাউন্ড গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে শনিবার দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম মোল্লা গ্রুপের ৩০/৩৫ জন সশস্ত্র ছাত্রদল কর্মী রোববার দুপুর আড়াইটার দিকে কান্দিরপাড়ে হামলা চালালে প্রতিপক্ষ জেলা ছাত্রদল সভাপতি শামীম খাঁয়ের গ্রুপের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় অন্তত অর্ধশত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলেও পরে তারা গুলিবর্ষণ করে ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে বিপ্লব মিয়া (২৭), আল আমিন (১৮), নূর মিয়া (৭০), টিপু (২০), এবং সোহেলকে (২৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকেই গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছে।

জেলা পুলিশ সুপার আতাউল কিবরিয়া সংঘর্ষের কথা স্বীকার করলেও দু গ্রুপের মধ্যে কোনো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি বলে দাবি করেন।

টেলিফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, ছাত্রদলের বহি®কৃত একটি গ্রুপ প্রতিপক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং সংঘর্ষে জড়িয়ে পড়া লোকজন ক্রমশ জঙ্গি হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৭ রাউন্ড গুলিবর্ষণ করে।

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে দাবি করে তিনি বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে। এছাড়া এলাকায় সেনাবাহিনী টহল দিচ্ছে।