আবু হেনাকে মনোনয়ন না দিতে বাগমারায় বিএনপির বিক্ষোভ
রাজশাহী-৩ আসনে সাবেক সংসদ সদস্য আবু হেনাকে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়ে শনিবার বিকালে রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের একদল নেতা-কর্মী বিক্ষোভ ও সমাবেশ করেছে।
বিকাল ৪ টায় হাটগাঙ্গোপাড়া বিএনপির ও অঙ্গ সংগঠনের আঞ্চলিক কমিটি বিক্ষোভ মিছিল করে। পরে তিনমাথায় দলীয় কার্যালয়ের সামনে যুবদল বাগমারা পশ্চিমাঞ্চল কমিটির সভাপতি কামাল শাহর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন, যুবদলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজ, আউচপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হেলাল, আঞ্চলিক কমিটি ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।
তারা বলেন আবু হেনা দল থেকে চলে গেলে এলাকার নেতা কর্মীরা হাফ ছেড়ে বেঁচেছিল। এখন আবার তাকে মনোনয়ন দেয়া হলে দলীয় নেতা কর্মীরা কাজ করবে না।
এদিকে আবু হেনাকে মনোনয়ন না দিতে বাগমারা ও মোহনপুরের ২০টি ইউনিয়ন বিএনপির নেতারা ছাড়াও থানা বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে লিখিত ভাবে আবেদন করা হয়েছে। বাগমারা থানা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল গোফুর জানান আবু হেনাকে কোন ভাবেই মেনে নিতে পারবেনা দলের নেতা কর্মীরা।
