দ্বিতীয় দিনের মত ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু
আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের জন্য ভোটারতালিকা সংশোধনের কাজ শনিবার দ্বিতীয় দিনের মত শুরু হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর পূর্ব নাখালপাড়ার রেলগেট এলাকায় ঢাকা-১০ আসনে গিয়ে দেখা যায়, স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধনের জন্য সচেতন করতে মাইকিং করা হচ্ছে।
ওই এলাকায় খণ্ড খণ্ড মিছিলও হচ্ছে ‘নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে।
এসব মিছিল ও মাইকিংয়ের উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,“আমরা ভুয়া ভোটারদের সম্পর্কে সচেতন করতে এলাকায় মাইকিং করছি।”
আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে ইতোমধ্যে এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার চিহ্নিত করা হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিক্ষোভ ও দাবির মুখে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধনের সিদ্ধান্ত নেওয়ায় শুক্রবার থেকে এ কাজ শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ কাজ চলবে।
