২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসলোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইউনূস

নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস ৭৭ জন সফরসঙ্গী নিয়ে শুক্রবার অসলোর গার্ডারমোয়েন বিমানবন্দরে পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 12:22 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

দেড় ঘণ্টা দেরিতে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় তিনি সেখানে পৌঁছেন।

১৩২ বছরের পুরোনো একটি বিলাসবহুল হোটেলে তারা অবস্থান করবেন।

ইউনূস শনিবার সকালে অসলোর নোবেল ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এর পরপরই তিনি নরওয়ের নোবেল কমিটির সদস্য এবং নরওয়ের নোবেল ইনস্টিটিউটের কর্মী ও স্কলারদের সাথে সাক্ষাৎ করবেন।

এরপর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক বোর্ডের সদস্য ও ঋণগ্রহীতা মোসাম্মৎ তাসলিমা নগরীর সিটি হলে নোবেল পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানের মহড়ায় যোগ দেবেন।

সন্ধ্যায় নোবেল কমিটি গ্র্যান্ড হোটেলে নোবেল বিজয়ী তাদের স্ত্রীদের এবং নরওয়ের নোবেল কমিটির সদস্য ও সচিবের জন্য ঐতিহ্যবাহী ‘লিটর ডিনার’ এর আয়োজন করবে।

নোবেল কমিটি এর মধ্যেই ‘গরিবের ব্যাংকার’ অধ্যাপক ইউনূসের জন্য বিস্তারিত সফরসূচি ঠিক করেছে।

রেড বারনার (সেভ দ্য চিলড্রেন) আয়োজনে ‘ক্রিশ্চিয়ানা টিটার’ শিশুদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রোববার সকাল নাগাদ শুরু হয়ে যাবে অধ্যাপক ইউনূসের ব্যস্ত সফরসূচি।

স্থানীয় সময় বেলা ১২টায় ইউনূস নরওয়ের রাজপ্রাসাদে রাজা হেরাল্ড এবং রানী সনার সঙ্গে দেখা করবেন।

স্পেনের রাণী সোফিয়াসহ ৯৯২ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এ সময়ের মধ্যেই অসেলোর সিটি হলে জমায়েত হতে শুরু করবেন। এখানেই পুরস্কার প্রদান করা হবে।

১টা বাজার চার মিনিট আগে গ্রামীণ ব্যাংক এর প্রতিনিধি তাসলিমাকে নিয়ে ইউনূস নরওয়েজীয় নোবেল কমিটির সদস্যদের সঙ্গে মিলিত হবেন। ১টা বাজার এক মিনিট আগে সিটি হলে আসবেন রাজা হেরাল্ড, রানী সনা, যুবরাজ হাকন এবং যুবরাজ্ঞী মেত্তে মারিত।

দুপুর ১টায় ইয়োহান সেবাস্টিয়া বাখের সুরে ক্রিস্টিয়ান ইল হ্যাডল্যান্ড এর পিয়ানো বাদনের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এসময় বি মেজরে বাখের অমর সুর পারটিটা নাম্বার ওয়ান বাজানো হবে পাঁচ মিনিট ধরে।

এরপর নোবেল কমিটির চেয়ায়ম্যান ওলে ড্যানবোল্ট মায়োস ২০ মিনিট বক্তৃতা রাখবেন। তার পরপরই বাংলাদেশের নৃত্যাঞ্চল পরিবেশন করবে ‘রাঙ্গিয়ে দিয়ে যাও’ শীর্ষক বৃন্দনৃত্য।

এর পাঁচ মিনিট পর স্থানীয় সময় দেড়টা এবং বাংলাদেশ সময় সন্ধে সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কারটি তুলে দেওয়া হবে অধ্যাপক ইউনূসের হাতে।

এসময় নৃত্যাঞ্চল জন্মভূমি শীর্ষক আরেকটি বৃন্দনৃত্য পরিবেশন করবে।

দুপুর পৌনে ২টায় শুরু হবে অধ্যাপক ইউনূসের ‘নোবেল বক্তব্য’।

নোবেল ইনস্টিটিউটের একজন কর্মকর্তা বেনেডিক্ট ট্রেসেল্ট কোরেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, অধ্যাপক ইউনূস ইংরেজিতেই বক্তব্য দেবেন, তবে গ্রামীণ ব্যাংকের লাখ লাখ নারীদের একজন তাসলিমা কোন বক্তব্য রাখবেন না।