২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল শান্তি পুরস্কার নিতে অসলো গেছেন ইউনূস

নোবেল শান্তি পুরস্কার নিতে শুক্রবার নরওয়ের রাজধানী অসলো গেছেন ড. মুহাম্মদ ইউনূস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দুপুর ২টায় ভাড়া করা একটি বিমানে সঙ্গী ৭৭ জনকে নিয়ে তিনি নরওয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

সফরসঙ্গীদের মধ্যে আছেন তার স্ত্রী, কন্যা এবং অন্য আত্মীয়সহ গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা ও ঋণগ্রহীতা।

বিমানবন্দরে হাস্যোজ্জ্বল ইউনূস সাংবাদিকদের বলেন, ‘আমি গর্বিত। আমরা একটি উদাহরণ তৈরি করেছি, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।” দেশের চলমান রাজনৈতিক সংকটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “পুরস্কার নিয়ে ফেরার পর আমি ইতিবাচক কিছু দেখার প্রত্যাশা করছি।”

রোববার অসলোয় অধ্যাপক ইউনূসের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের পক্ষে ব্যাংকের বোর্ড সদস্য এবং ঋণগ্রহীতা তাসলিমা বেগম নোবেল পুরস্কার গ্রহণ করবেন। নিজের আনন্দের কথা সাংবাদিকদের জানিয়ে তাসলিমা বলেন, “কঠোর পরিশ্রমের কারণেই আমরা এই সম্মান লাভ করেছি।”

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ড. ইউনূস “নোবেল বক্তৃতা” করবেন। পরে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত ভোজ সভায় সাবেক এবং বর্তমান বিশ্বনেতারা অংশ নেবেন। তার সঙ্গে যাওয়া শিল্পী-কলাকুশলীদের একটি দল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

এছাড়া এবারই প্রথম নরওয়ের রাজা এবং রাণী বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল আই রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

পুরস্কার গ্রহণ শেষে ১৯ ডিসেম্বর ড. ইউনূসের ঢাকা ফেরার কথা রয়েছে।