জাফলংয়ে এসে লাশ হলো আকাশ
সিলেটের জাফলংয়ে পিকনিক করতে এসে শুক্রবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মো. আকাশ (২২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি কম্পিউটার সায়েন্স পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। আকাশ মিরপুর ২নং সেকশনের জনৈক শামছুল হকের ছেলে।
জানা গেছে, আকাশসহ তার ৫০ জন সহপাঠি শুক্রবার একটি বাসে করে গোয়াইনঘাট উপজেলার জৈন্তাপুরে পিকনিক করতে আসেন। বেলা আড়াইটার দিকে তারা একসঙ্গে পিয়াইন নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানা আকাশ পানিতে তলিয়ে যায়। প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর জাফলংয়ে কর্মরত শ্রমিকরা তার লাশ উদ্ধার করেন। জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা ৬টায় একটি অ্যাম্বুলেন্সে করে তার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়।
