২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ডিজেলের অভাবে সেচ কাজ ব্যাহত

চলতি সেচ মৌসুমে বাগেরহাটে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় সরবরাহ না থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে জ্বালানি তেলের পাম্প মালিক ও ডিজেল বিক্রেতারা দাবি করেছেন। সংকটের সুযোগে ব্যবসায়ীরা প্রতি লিটার ডিজেল তেলের দাম ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে দেওয়ায় কৃষকরা ক্ষতির শিকার হচ্ছেন। সেচ কাজও ব্যাহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তবে বাস ও ট্রাক চালকদের সরকার নির্ধারিত দামেই ডিজেল সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর গ্রামের কৃষক কমল দাস, ফকিরহাট সদরের কৃষক শহিদুল ইসলাম, সবুজ ও ইদ্রিস এবং চিতলমারী উপজেলার মনোরঞ্জন মণ্ডলসহ জেলার বিভিন্ন এলাকার কৃষকদের অভিযোগ, তারা প্রতি লিটার ডিজেল খোলা বাজারে ৪২ থেকে ৪৫ টাকা দরে কিনতে বাধ্য হচ্ছেন। পুরো মৌসুম এভাবে বাড়তি ব্যয় হলে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

অবশ্য ফিলিং স্টেশনে ডিজেলের মূল্য বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেছেন এগুলোর স্বত্ত্বাধিকারীরা।

বাগেরহাটের খান জাহান আলী ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী আযম খান মূল্যবৃদ্ধির অভিযোগ অস্বীকার করে বলেন, ফিলিং স্টেশনে প্রতিদিন ডিজেলের চাহিদা চার হাজার লিটারের বেশি। এর বিপরীতে খুলনার যমুনা ডিপো থেকে প্রতিদিন আড়াই হাজার লিটারের বেশি তেল সরবরাহ করা হচ্ছে না। এজন্য যানবাহনের প্রয়োজন মেটানোর পর চাষীদের দেওয়ার মতো তেল থাকে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব অনুযায়ী বাগেরহাট জেলায় গত মৌসুমে ২৪ হাজার একশ ৫০ হেক্টর ধানী জমি এবং অন্যান্য ফসলের দুই হাজার ৯ শ হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। এজন্য ডিজেলের চাহিদা ছিল প্রায় ৩০ লাখ লিটার। এ হিসাবে গত বছরের চেয়ে লিটার প্রতি দশ টাকা হারে বেশি দাম দিতে হলে পুরো মৌসুমে কৃষকদের ৩০ লাখ লিটারের জন্যই বাড়তি তিন কোটি টাকা গুণতে হবে।

পাশাপাশি এবার আবাদী জমির পরিমাণ বেড়ে যাওয়ায় ডিজেলের চাহিদাও গতবারের চেয়ে বেশি হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হীরালাল ধর বলেন, ‘চলতি বছরে ধানের বীজতলা অন্যান্য বছরের তুলনায় বেশি হওয়ার কারণে জেলায় সেচ এলাকা বাড়াবে।’

খুলনার যমুনা ডিপোর এজিএম এমএ আজাদের কাছে বাগেরহাটে ডিজেল সংকটের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সরবরাহ যাই থাকুক না কেন দাম বাড়ার কোন সুযোগ নেই।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পদ্মা ও যমুনা ডিপোর কর্মকর্তারা ব্যবসায়ীদের পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ডিলারদের চাহিদা অনুযায়ী বিধি মোতাবেক তেল সরবরাহ করা হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) খুলনাস্থ পদ্মা ডিপোর নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে এজিএম সামিউল আযম দাবি করেন, সেখান থেকে প্রয়োজনীয় ডিজেল সরবরাহ করা হচ্ছে কোন সংকট সৃষ্টি হয়নি।