২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলাধীন হারবাং নয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বৃহস্পতিবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জন ঘটনাস্থলে এবং ২ জন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীসহ এক বাসের চালক, দুই বাসের হেলপারও রয়েছে। এরা হলো কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার ফরেষ্ট গার্ড আবদুল মালেক (৫২), তার স্ত্রী ছেনোয়ারা বেগম (৪২), চকরিয়া লক্ষ্যারচর মন্ডলপাড়ার আজিজুল হক (৩০), চকরিয়া বরইতলীর মোহাম্মদ আলী (২৬), লোকাল বাসের হেলপার আবুল কালাম (২৬) ও সৌদিয়া বাসের হেলপার সেলিম (২৮)। এছাড়াও হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো ২ জন। এই দু’জনের মধ্যে একজন হলো সৌদিয়া সিলকি বাসের ড্রাইভার মনছুর আহমদ (৩৫)। অপরজনের নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকাল ৭টার দিকে বিপরীতমুখী যাত্রীবাহী সৌদিয়া সার্ভিসের একটি সিলকি বাস (চট্টমেট্রো-জ-১১-০৭৮২) ও আরেকটি লোকাল বাস (ঢাকা মেট্রো-ব-০৬-৪০৫৪) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং নয়াপাড়া এলাকায় পৌঁছলে দ্রুতগামী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

চকরিয়া থানার ওসি মাঈনুদ্দিন খান জানান, দুমড়ে মুচড়ে যাওয়া দু’টি বাসই প্রধান সড়ক থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে পুলিশ ৬ জনের মৃত্যুর কথা স্বীকার করলেও হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়া দু’জন সম্পর্কে কিছুই জানাতে পারেনি।