হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গণডাকাতি
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রাঙ্গের গাও নামক স্থানে বৃহস্পতিবার ভোর ৪টা হতে ৫টা পর্যন্ত ডাকাতরা একে একে প্রায় ১০ থেকে ১২টি ট্রাক, ম্যাক্সি ও সিএনজি আটকিয়ে ডকাতি করে।
ধারালো অস্ত্র দেখিয়ে ডাকাতরা যাত্রী ও গাড়ি চালকদের জিম্মি করে । ডাকাতির শিকার হবিগঞ্জ শহরের আসাদুজ্জামান শাওন অভিযোগ করেছেন, ডাকাতরা প্রকাশ্যেই শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সঙ্গে কথা বলে ডাকাতি করেছে । অপর যাত্রী রাজু চৌধুরী বলেন, ডাকাতিকালে বেশ কয়েকবার ডাকাতরা ফোনে আলাপ করেছে। ফোনের কথা শুনে বোঝা গেছে যে তারা কোনো পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছে। ফোনের অপর প্রান্তের এক প্রশ্নের জবাবে এক ডাকাত বলেছে, আপনাদেরকে ১৬ হাজার টাকা দিয়েই আমরা এসেছি। প্রয়োজনে আরও ৫ হাজার টাকা দেব। তবু আরও আধ ঘণ্টা সময় আমাদের দিতে হবে। এর ঠিক আধ ঘণ্টা পর ডাকাতরা অস্ত্র উঁচিয়ে কলিমনগরের দিকে চলে যায়।
ঘটনাস্থল শায়েস্তাগঞ্জ হলেও ঘটনার ২০ মিনিট পর হবিগঞ্জ সদর থানা পুলিশ সেখানে পৌঁছে বলে অভিযোগ যাত্রীদের অবিযোগ। হবিগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই ইব্রাহিম বলেছেন, সংবাদ পাওয়ার পরপরই তিনি সেখানে টহলরত পুলিশকে পাঠিয়েছেন। এ ব্যাপারে কোনো মামলা দয়ের করা হয়নি। যাত্রী রাজু চৌধুরী বলেছেন, তিনি ৩ ডাকাতকে চিনতে পেরেছেন। তাদের বাড়ি শায়েস্তাগঞ্জ ও কলিমনগরে।
