২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতিরা আদালতে বসছেন রোববার

সুপ্রিম কোর্টের বিচারপতিরা আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন। রোববার থেকে তারা হাইকোর্ট এবং আপিল বিভাগের স্ব স্ব বেঞ্চে বসবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিচারপতিদের সভায় এ সিদ্ধান্ত হয়।

৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে হামলা-ভাংচুরের প্রতিবাদে বিচারপতিরা মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালত বর্জন করেন।

কিন্তু এর আগে বর্জনের এই সিদ্ধান্ত নিয়ে বিভক্ত হয়ে পড়েন সর্ব্বোচ্চ আদালতের বিচারকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক বিচারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারকাজ থেকে বিরত থাকার সিদ্ধান্তে আপিল বিভাগের বিচারকরা সম্মতি দেননি। অন্যদিকে আদালত বর্জনের দ্বিতীয় দিনে একযোগে ছুটি নেন ছয় বিচারক।

সিনিয়র ওই বিচারক বলেন, তিনি নিজেও আদালত বর্জনের বিরোধীতা করেছিলেন। তিনি বলেন, হাইকোর্টের অনেক বিচারকও আদালত বর্জনের বিপক্ষে মত দিয়েছিলেন। তাদের মতামত আমলে না নিয়েই বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিচারকদের নিয়ে আদালত বর্জনের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। কারণ তারাই সংখ্যায় বেশি ছিলেন।

একই কারণে প্রধান বিচারপতির সভাপতিত্বে বৃহষ্পতিবার অনুষ্ঠিত সভায় আপিল বিভাগের বিচারকদের উপস্থিত থাকার কথা থাকলেও তারা সভায় যোগ দেননি বলে তিনি জানান। এমন কি তিনি নিজেসহ হাইকোর্টের অনেক বিচারকও সভায় অংশ নেননি।

এদিকে সর্বোচ্চ আদলতে ভাংচুরের ঘটনায় সুপ্রিম কোর্ট এলাকায় বৃহস্পতিবারও দু’পক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন।

ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ১৪ দল সমর্থিত আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ করেন। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে প্রতিবাদ সভা করেন তারা। সমন্বয় পরিষদের নেতারা আগামী রোববারের মধ্যে বিচারকরা আদালতে না বসলে বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।

অন্যদিকে, আদালতে ভাংচুরের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন।

এছাড়া আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতি।