চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
কক্সবাজারের চকোরিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং নয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সৌদিয়া সার্ভিসের একটি সিলকি বাস (চট্ট-মেট্রো-জ-১১-০৭৮২) ও আরেকটি লোকাল বাসের (ঢাকা মেট্রো-ব-০৬-৪০৫৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়।
নিহতরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার ফরেস্ট গার্ড আবদুল মালেক (৫২), তার স্ত্রী ছেনোয়ারা বেগম (৪২), চকরিয়া লক্ষ্যারচর মন্ডলপাড়ার আজিজুল হক (৩০), বরইতলীর মোহাম্মদ আলী (২৬), হেলপার আবুল কালাম (২৬) ও হেলপার সেলিম (২৮)।
আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মাঈনুদ্দিন খান জানান, দুমড়ে মুচড়ে যাওয়া দু’টি বাসই প্রধান সড়ক থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজশাহী: বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগজ্ঞের আমনুরা থেকে রাজশাহীগামী একটি দ্রতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে তানোরের দেবীপুর মোড়ের নিকট একটি খাদে পড়ে যায়। এতে অজ্ঞাত পরিচয় যাত্রী এক যাত্রী নিহত ও ২৫ জন যাত্রী আহত হয়েছে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত আব্বাস আলি (৬০), গৌরাঙ্গ বিশ্বাস, সামিউল(২৫) নাজমা(২০), জুলেখা (২০), মাসুদ (২৫) নুুরুল ইসলাম (২৮), দোলন (২৫), লিটন(২০), আব্দুস সবুর (২৭) ও শফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যান্য যাত্রীদের তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তানোর থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।
সিরাজগঞ্জ: বুধবার রাতে জেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার গোজা ব্রিজ নামক স্থানে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক জিল্লুর ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে বুধবার সন্ধ্যায় জেলার এনায়েতপুর সড়কের এনায়েতপুর হাট সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাস একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ময়েন উদ্দিন মারা যান। আহত হয় অপর আরোহী খোকশাবাড়ীর আলীম। তাকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ: বুধবার রাত সোয়া ১২টার দিকে তিন রাস্তার মোড়ে ভায়ন প্রদীপ হাইস্কুলের সামনে একটি ট্রাক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৩০) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিক্ষুব্ধ জনগণ এরপরই ট্রাক ও ট্রাক চালককে আটক করে।
পরে শ্যামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
