২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা, ৪ পুলিশ আহত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে সন্ত্রাসী হামলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চার পুলিশ সদস্য আহত হয়েছে। গুরুতর আহত পুলিশ কনস্টেবল শফিকুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 01:53 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রাজপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ১৪/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নং ওয়ার্ডে প্রবেশ করে চিকিৎসাধীন শামীম নামের এক যুবককে বেধড়ক মারধর করে। এসময় ওয়ার্ডে কর্তব্যরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার ওপরও হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে হাসপাতালের পুলিশ বক্স থেকে দ্রুত কয়েকজন পুলিশ কনস্টেবল ঘটনাস্থলে ছুটে যান। এসময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।

এ ঘটনায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসী পালিয়ে যায়। এসময় সুজন নামের এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সুজন নামের এই সন্ত্রাসীর বাড়ী দুর্গাপুরের ধরমপুরে। সন্ত্রাসীদের হামলায় আহত মেডিকেল পুলিশ বক্সের হাবিলদার নাজমুল, কনস্টেবল হারুন ও মোতালেবকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের ওপর হামলা ও হাসপাতালে প্রবেশ করে সন্ত্রাসী হামলার অভিযোগে রাজপাড়া থানায় দুটি পৃথক মামলা হয়েছে বলে হাবিলদার নাজমুল জানিয়েছেন।