কুষ্টিয়ায় ব্যারিস্টার ওমর সাদাতের বিরুদ্ধে মানহানির মামলা
সুপ্রিম কোর্টে ভাংচুরের অভিযোগে মামলা দায়েরকারী ব্যারিস্টার ওমর সাদাতের বিরুদ্ধে বুধবার কুষ্টিয়ায় একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবু রায়হান মিয়ার আদালতে ৫০০/৫০১/৫০২ ধারায় মামলাটি দায়ের করেন।
শুনানি শেষে আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহর নেতৃত্বে গঠিত তদন্ত দলকে আগামী ২১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে শুনানি শেষে আওয়ামী আইনজীবী পরিষদ ও ১৪ দলের সমর্থক আইনজীবীরা আদালত থেকে বেরিয়ে কালেক্টরেট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট ইনায়েতুর রহিম, সুব্রত চৌধুরী ও শেখ আসওয়াফুর রহমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ভাংচুরের অভিযোগে দায়ের করা মিথ্যা মামলায় তাদের মান-সম্মান ক্ষুণ্ন করাসহ জনসম্মুখে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
