২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচল হয়ে আছে সর্বোচ্চ আদালত

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনার প্রতিবাদে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের আদালত বর্জন বুধবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ফলে সুপ্রিম কোর্টের বিচার কাজ এদিনও বন্ধ ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 04:37 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বুধবার বেশ কিছু সংখ্যক বিচারপতি আদালতে এলেও সিদ্ধান্ত অনুযায়ী কেউই আদালতে বসেননি।

দু’পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ থাকায় কোনোধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, ড. কামাল হোসেনসহ শীর্ষ আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের প্রতিবাদে ও প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ একই দাবিতে বৃহস্পতিবার দেশের সকল আদালতে সভা-সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ দিবস পালনের ঘোষণা দিয়েছে।

এদিকে, চারদলীয় আইনজীবী ঐক্য জোটের ব্যানারে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মওদুদ আহমদসহ ফোরামের ৫ সদস্যের প্রতিনিধিদল আদালতে ভাংচুরের প্রতিবাদে ও ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সম্পাদক শেখ হাবিবুলের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

চারদলীয় জোটের যুব আইনজীবীদের সংগঠন ‘ককাস অব ইয়ং লিগ্যাল প্রফেশনালস’ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে সুপ্রিমকোর্টে ভাংচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে।

অন্যদিকে, আইনজীবী সহকারী সমিতি শীর্ষ আইনজীবীসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সভা ও অবস্থান কর্মসুচি পালন করেছে।

ভাঙচুরের প্রতিবাদে অ্যাটর্নি জেনারেল অফিসের আইন-কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অফিসের সামনে প্রতীক অনশন কর্মসূচি পালন করবে।

গত ৩ ও ৪ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের হেয়ার রোডের বাড়িতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে পৃথক সভায় সিদ্ধান্ত নিয়েছেন যে, আইনজীবী সমিতি ও বার কাউন্সিল এ ঘটনার নিন্দা জানিয়ে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত বিচারকগণ আদালতে বসবেন না।

বিচারকদের সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ভাঙচুরের ঘটনায় সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।