বাধ্যতামূলক অবসরে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র, সংস্থাপনসহ ৬ সচিব রদবদল
মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন সচিব এবং স্বরাষ্ট্র সচিবসহ ছয় সচিবকে বদলানো হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতির কোটায় একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছ।
বুধবার দুপরে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব মো. আবু সোলায়মান চৌধুরীকে।
সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে। তবে সংস্থাপন সচিব পদে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি।
স্বরাষ্ট্র সচিব জহরুল ইসলামকে বন ও পরিবেশ সচিব করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুল করিম।
গণকর্মচারি (অবসর গ্রহণ) আইন ১৯৭৪-এর ৯ (২) ধারা অনুসারে চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সোলায়মান চৌধুরীকে অবসর দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আলী ইমাম মজুমদার।
এছাড়া বন ও পরিবেশ সচিব মোহাম্মদ হায়দার আলীকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত সচিব এটিএম সরওয়ার হোসেনকে রাষ্ট্রপতির কোটায় পদোন্নতি দিয়ে সচিবের পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।
এর আগে সাবেক সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী বলেছিলেন,“কোনো অভিযোগের ভিত্তিতে আমাকে বদলি করা হলে চাকরি করবো না।”
বদলির পর বুধবার তিনি সাংবাদিকদের বলেন,“যেহেতু প্যাকেজে আমার নাম এসেছে, আমি মনে করি আমার বিরুদ্ধে দলবাজির অভিযোগ এসেছে। কিন্তু এই অভিযোগের কোনো ভিত্তি নেই। পুরো চাকরি জীবনে কারো পক্ষে বা বিপক্ষে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কাজ করিনি।”
সাবেক সংস্থাপন সচিব বলেন,“আমি পাঁচ দিনের ছুটির আবেদন করেছি। পরে পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবো স্বেচ্ছায় অবসর নেবো কি না।”
এএফএম সোলায়মান চৌধুরীর নিয়মিত চাকরির মেয়াদ শেষ হবে ৩০ ডিসেম্বর।
