২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক খাদ্য ভাণ্ডার বিষয়ে ১৪ ডিসেম্বর ইসলামাবাদে সার্ক মন্ত্রীদের বৈঠক

একটি আঞ্চলিক খাদ্য ভাণ্ডার গড়ে তুলতে সার্ক দেশগুলোর কৃষি ও খাদ্য মন্ত্রীদের ১৪ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসার কথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 10:45 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ১২ ও ১৩ ডিসেম্বর সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ কর্মকর্তারা বৈঠক করবেন।

কৃষি উপদেষ্টা সিএম শফি সামি বৈঠকে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বাকি সদস্যরা হলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দ নাকিব মুসলিম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনোয়ার ইকবাল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক নজরুল ইসলাম।

সূত্র জানায়, ২০০৪ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত ১২ তম সার্ক শীর্ষ সম্মেলনের আগে ভারত একটি আঞ্চলিক খাদ্য ভান্ডার গড়ে তোলার প্রস্তাব দেয়। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত ১৩ তম শীর্ষ সম্মেলনেও আঞ্চলিক খাদ্য ভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়।

সার্কের কৃষি বিষয়ক কারিগরী কমিটি এ খাদ্য ভান্ডারের ব্যাপারে একটি ধারণাপত্র তৈরি করেছে। সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ) এতে অর্থায়ন করবে।

সূত্র আরো জানায়, নয়াদিল্লিতে ১৪ তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোর কর্মকর্তারা একটি বৈঠকে বসবেন এবং সবপক্ষ রাজী থাকলে ধারণাপত্রের ওপর ভিত্তি করে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করবেন। এপ্রিলে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে সার্ক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সেই চুক্তিতে সাক্ষর করবেন।

ইসলামাবাদে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে ধারণাপত্রের ওপর আলোচনা ও চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।

আঞ্চলিক পর্যায়ে কৃষি গবেষণা খাতে পারস্পারিক সহায়তা, জ্ঞান, ও বিশেষজ্ঞ বিনিময়ের ওপর বৈঠকে আলোচনা হবে। এছাড়া ঢাকায় স্থাপিত সার্ক কৃষি তথ্য কেন্দ্রের (এসএআইসি) ভূমিকার বিষয়েও বৈঠকে কথা হবে।

দক্ষিণ এশিয়ার পরিবর্তিত কৃষি চাহিদার প্রেক্ষিতে সার্ক কৃষি তথ্য কেন্দ্রের ভূমিকা পুনর্বিন্যাস প্রয়োজন বলেও কর্মকর্তারা জানান।