তেঁতুলিয়ায় মালিক ও পাথর শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনকারীদের সঙ্গে পাথর শ্রমিকদের সংঘর্ষে মঙ্গলবার কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের পঞ্চগড় ও তেঁতুলিয়া হসপিতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেখানে বিচ্ছিন্নভাবে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলে এবং বিক্ষুব্ধ শ্রমিকরা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে।
জানা গেছে, কয়েকদিন আগে পাথর শ্রমিকরা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে আলটিমেটাম দেয়। এরপরও প্রভাবশালীরা প্রশাসন ও পুলিশের সহায়তায় ডাহুক নদীতে ৮-১০টি মেশিন বসিয়ে সোমবার পর্যন্ত পাথর উত্তোলন করছিল।
প্রত্যক্ষদর্শী ও পাথর শ্রমিকরা জানান, মঙ্গলবার দুপুরে পাথর শ্রমিক আন্দোলনের নেতা মুক্তারুল হক মুকুর নেতৃত্বে দুই সহস্রাধিক পাথর শ্রমিক তেঁতুলিয়ার ভজনপুর বাজারে সংগঠিত হয়। সেখান থেকে ৫ কিলোমিটার পায়ে হেঁটে তারা লাঠিসোটা সহকারে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক নদীতে স্থাপিত ড্রিল ড্রেজার মেশিন ভাংচুর করে। সেখানে আগে থেকে মেশিন মালিক পক্ষের শতাধিক লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করায় শ্রমিকদের সঙ্গে তুমুল সংঘর্ষ বাঁধে।
শ্রমিকরা অভিযোগ করেন, পুলিশের সহযোগিতায় ইসলাম মেম্বার, কালাম, ফয়জুলের নেতৃত্বে মালিক পক্ষের লোকজন রামদা, হাসুয়াসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
মালিকপক্ষের লোকজন আন্দোলনকারী কয়েকজন শ্রমিককে ঘটনাস্থলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তারা শ্রমিকদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইট-পাথরও নিক্ষেপ করে। এতে পাথর শ্রমিক আল আমিন, আজগর আলী, পালানু, হামিদুল, হারুন, জিয়ারুল, জমিরুল, তাহের, খমিজুল, চৈতু, করিমুল, মফিজ, ময়নুল, আমিনারসহ প্রায় ২৫জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে আল আমিন, আমিনারসহ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরাও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অব্যাহতভাবে বিক্ষোভ প্রদর্শন এবং মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা ভজনপুর বাজারে ড্রিল ড্রেজার মেশিনের কয়েকটি ওয়ার্কশপ ভাংচুর করে।
বিকেলে পঞ্চগড় থেকে পুলিশ সুপার মাহবুবুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সুপার বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে ড্রেজার মেশিন জব্দ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশ তেঁতুলিয়া চলে যাওয়ার পর ক্ষূব্ধ শ্রমিকরা ভজনপুরসহ বিভিন্ন স্থানে মেশিনপক্ষের লোকজনের ওপর হামলা চালায়।
শ্রমিক আন্দোলনের নেতা মুক্তারুল হক মুকুসহ শ্রমিকরা অভিযোগ করেছেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়ার পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ওই এলাকার ইসলাম মেম্বার, কালাম, ফয়জুল, বাবুল মাস্টারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে। এর বিরুদ্ধে তারা বিভিন্ন আন্দোলন করলেও প্রশাসন বা পুলিশ তাতে কোন কর্ণপাত করেনি।
তিনি আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও মেশিন মালিকদের গ্রেফতার দাবি করে বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। এদিকে মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টরা আরও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন।
এ ব্যাপারে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।’
জেলা প্রশাসক মো. হাফিজ উদ্দিন সন্ধ্যা সাড়ে সাতটায় জানিয়েছেন, “অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ড্রিল ডেজার মেশিন জব্দ করে তুলে আনতে ঘটনাস্থলে রয়েছেন।”
