২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাময়িক বরখাস্ত ড. গালিব এখন স্থায়ী অধ্যাপক

জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেপ্তারকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আসাদুল্লাহ আল গালিবকে স্থায়ী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সূত্র জানায়, ড. গালিব জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি কারাগারে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বছরের শুরুতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। প্রশাসনে এখনও সেই আদেশ বহাল রয়েছে।

রাবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে ড. গালিবসহ একই বিভাগের চারজন ‘আপগ্রেডেড’ অধ্যাপককে স্থায়ী অধ্যাপকের শূন্য পদে স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজন হলেন, অধ্যাপক মো. আবদুল আজিজ খান, ড. মো. আব্দুল হক এবং এ কে এম শামসুল আলম। গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় চরম গোপনীয়তা রক্ষা করে তাকে এ পদোন্নতি দেওয়া হয় বলে জানা গেছে।

আরবি বিভাগের সভাপতি ড. মো. আব্দুল হক জানান, বিধি মোতাবেক গালিবসহ চার আপগ্রেডেড অধ্যাপককে চারটি স্থায়ী অধ্যাপক পদে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রেজিস্ট্রার আবদুস সালাম বলেন, নিয়মিতভাবেই ড. গালিব এ পদোন্নতি পেয়েছেন। তিনি আরও জানান, সাময়িকভাবে বরখাস্ত হলেও বিশ্ববিদ্যালয়ের বিধিমতে তিনি এখনও একজন চাকরিজীবী।