২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডি ২৭ নম্বরে ছিনতাইয়ের শিকার ২ সংবাদকর্মী

টহল পুলিশ থাকা সত্ত্বেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর দুই সংবাদ কর্মী রোববার গভীর রাতে ধানমণ্ডিতে সংস্থার কার্যালয়ের সামনে ছিনতায়ের শিকার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সূত্র জানায়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাব-এডিটর আবু নোমান সজীব এবং ওয়েব এডিটর আবিদুর রহমান রাসেল রাত দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নং সড়কে কনকর্ড রয়েল কোর্ট ভবনে সংস্থার কার্যালয় থেকে বাসার উদ্দেশে বের হন। সিএনজিচালিক বেবিট্যাক্সিতে উঠার সময় একটি হলুদ ট্যাক্সিক্যাবে করে ৪/৫ জন ছিনতাইকারী তাদের ঘিরে ফেলে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। সন্ত্রাসীরা সংবাদকর্মীদের কাছ থেকে মোবাইল ফোন সেট, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেয়।

ঘটনার পর পরই ধানমন্ডি থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা বলেন, “ঘটনাটি সড়কের উত্তর দিকে হলে এর দায়-দায়িত্ব মোহাম্মদপুর থানার উপর বর্তাবে।”

অপরদিকে মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, “অধ্যাদেশ অনুযায়ী ঘটনাটি কোথায় ঘটেছে তা আমাদের নিশ্চিত হতে হবে।”

এদিকে পরে ঘটনাস্থলে পৌঁছানো মোহাম্মদপুর থানা পুলিশের টহল দলের এসআই আতাউর বলেন, “আড়ং থেকে কনকর্ড রয়েল কোর্ট ভবন পর্যন্ত পৌঁছাতে তাদের পিকআপ ভ্যানে পাঁচবার সমস্যা দেখা দেওয়ায় দেরি হয়ে গেছে।”

তবে ঘটনার সময় ২৭ নং সড়কে পুলিশের একাধিক টহল গাড়ি থাকার পরও ছিনতাইকারীরা নির্বিঘ্নে পালিয়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছিনতাইয়ের শিকার হওয়া দুজন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ধানমন্ডি ২৭ নং সড়ক বর্তমানে অপরাধীদের স্বর্গ হয়ে উঠেছে। পুলিশি টহলের মধ্যেই এখানে প্রায়ই ছিনতাই ও ডাকাতি হচ্ছে। কিছুদিন আগেও একই সংস্থার আরও দুই সাংবাদিক রাতে বাসার উদ্দেশে অফিস থেকে বের হতেই দেখতে পান রাস্তার ওপাশে নন্দন থেকে কিছুটা দূরে একটা রিকশাকে আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। চাপাতি দিয়ে এক যুবককে গুরুতর জখম করার পর ছিনতাইকারীরা তাদের মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে নির্বিঘ্নে পার পেয়ে যায়। সবার চোখের সামনে এ ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। এর কিছুক্ষণ পর পুলিশ এলেও কোন সুরাহা হয়নি।

এ ছাড়া সড়কের উত্তর অংশ মোহাম্মদপুর থানা এবং দক্ষিন অংশ ধানমন্ডি থানার অর্ন্তভূক্ত হওয়ায় ঘটনার শিকার কেউই পুলিশের সহায়তা পাচ্ছেন না বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।