২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি কর্মসূচিতে সুপ্রিমকোর্টে সারাদিন উত্তেজনা

সুপ্রিমকোর্র্টে ভাংচুরের ঘটনায় দু’পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ আদালত অঙ্গণ এখন উত্তেজনায় টানটান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির একই ভবনে রবিবার সকাল থেকে বিএনপি জামায়াত সমর্থিত চারদলীয় আইনজীবী ঐক্যজোট ও ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ঢিল ছোড়া দূরত্বে সমাবেশ করে।

এ নিয়ে সারাদিন সুপ্রিমকোর্টে থমথমে অবস্থা ছিল। তবে আদালতে প্রচুর পুলিশ মোতায়েন থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিএনপি জামায়াত জোট সমর্থিত আইনজীবীদের সমাবেশে আদালতে ভাংচুরের ঘটনায় দায়ী আইনজীবীদের বিরুদ্ধে অবিলম্বে আদালত অবমাননার রুল জারিসহ শাস্তির দাবি জানানো হয়েছে। দায়ী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আদালতের কার্যক্রম বন্ধে সভা সমাবেশ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত আইনজীবীরা সুপ্রিমকোর্টে ভাংচুরের ঘটনায় বিএনপি জামায়াত জোটপন্থি আইনজীবীদের দায়ী করেছেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রধান বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত তার আদালত বর্জনসহ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে।

এদিকে অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তারা এক সংবাদ সম্মেলন করে বলেছেন, ভাংচুরের ঘটনায় জড়িত আইনজীবীদের সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সাধারণত হরতাল অবরোধের সময়ে সর্বোচ্চ আদালত শান্ত থাকলেও রবিবার সেখানে ছিল উত্তেজনা। এজন্য সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

দু’পক্ষের বিপুল সংখ্যক আইনজীবী সুপ্রিমকোর্টে এলেও প্রধান বিচারপতি ও দু’ একজন ছাড়া অধিকাংশ বিচারপতি উপস্থিত না থাকায় সর্বোচ্চ আদালতে কোন বিচারকাজ হয়নি।

সকাল সাড়ে ৯ টায় প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ও অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ব্যাপক পুলিশী প্রহরায় আদালতে আসেন।

গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে করা রিটের ওপর আদেশ দেয়ার আগে প্রধান বিচারপতি মামলার কার্যক্রম স্থগিত করে দেন। এ ঘটনায় বিক্ষুব্ধ আইনজীবীরা প্রধান বিচারপতির কক্ষ, অ্যাটর্নি জেনারেলের অফিসসহ সুপ্রিমকোর্টে ব্যাপক ভাংচুর চালান। সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহার ওমরের একটি নিশান পেট্রোল কার জ্বালিয়ে দেয়া হয়।

ঘটনার পর থেকে এর জন্য একপক্ষ অন্য পক্ষকে দায়ী করে নানা কর্মসূচি পালন করছেন।

সমন্বয় পরিষদের সমাবেশ

রবিবার সকাল থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত আইনজীবীরা একে এক সুপ্রিমকোর্টে জড়ো হতে থাকেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে তারা সোয়া ১১টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সভা করেন।

সিনিয়র অ্যাডভোকেট আবদুল হালিমের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম, মো. ওজায়ের ফারুক, আবদুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন ও সমন্বয় পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী।

মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল পদত্যাগ না করা পর্যন্ত আইনজীবীদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, ফোরামের আহবায়ক খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ আইনজীবীদের বিভ্রান্ত করার জন্য মায়াকান্না কেঁদে নানা কথা বলছেন।

মাহবুবে আলম তার উদ্দেশ্যে বলেন, প্রধান বিচারপতি আপনার জুনিয়র ছিলেন। কেন আপনি তার আদালতে দাঁড়িয়ে যান? এটা পেশাগত অসদাচরণের পর্যায়ে পড়ে। প্রধান বিচারপতি তিন তিনবার বেঞ্চ ভেঙে দিলেও তখন খন্দকার কোন কথা বলেননি।

তিনি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন, তিনি এমন কোন কাজ করেননি যাতে তার নিরপেক্ষতা প্রমাণিত হয়। শনিবারের একান্ত বৈঠক সম্পর্কে তিনি বলেন, বেগম জিয়ার সঙ্গে একান্তে কি কথা তার?

রাষ্ট্রপতির উদ্দেশে মাহবুবে আলম আরো বলেন, এনডিআই বলেছে, ভোটার তালিকায় ১ কোটি ২২ লাখ ভুয়া ভোটার রয়েছে। তাই তালিকা সংশোধন করুন। আপনি যতই ষড়যন্ত্র করুন মানুষ তাদের ভোটাধিকার ফিরিয়ে আনবে।

সুব্রত চৌধুরী বলেন, দেশে এখন হাওয়া ভবনের সরকার চলছে। সুপ্রিমকোর্টকেও হাওয়া ভবনের শাখা হিসাবে কাজ করানো হচ্ছে।

তিনি বলেন, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে সারাদেশে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিভিন্ন আইনজীবী সমিতিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

১৪ দলীয় জোট সমর্থক আইনজীবীরা দুপুরে মিছিল নিয়ে সুপ্রিমকোর্ট থেকে বের হয়ে অবরোধের সমর্থনে কদম ফোয়ারা চত্বরে সমাবেশ করেন। তবে মূল গেট দিয়ে মিছিলটি বের হতে চাইলে দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়। পরে মাজার গেট দিয়ে মিছিলটি বের হয়। সমাবেশ চলে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।

চারদলীয় জোট সমর্থকদের সমাবেশ

এদিকে সকাল সাড়ে ১১ টায় চারদলীয় আইনজীবী ঐক্যজোট প্রধান বিচারপতির এজলাস ও অ্যাটর্নি জেনারেলের অফিস ভাংচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে উত্তর হলে সমাবেশ করে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক খন্দকার মাহবুবউদ্দিন আহমাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্যারিস্টার আমিনুল হক, সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন, সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর ও সদস্য সচিব শাহ খসরুজ্জামান।

খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বলেন, আইনের শাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আইন ভেঙেছে। তারা অ্যাটর্নি জেনারেলকে হত্যা করার জন্য আক্রমণ করেছে। আমরা চাই দেশে আইনের শাসন কায়েম থাকুক। কিন্তু হায়েনার দল চায় দেশের সাংবিধানিক পদ নষ্ট করতে।

তিনি বলেন, ভাংচুরের ঘটনার দোষীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল না হওয়া পর্যন্ত সুপ্রিমকোর্টে কোন বিচার কাজ হতে দেব না। বিচার তখন হবে যখন বিচার করলে বিচারপতিদের নিরাপত্তা বিঘ্নিত হবে না এবং আইনজীবীরা স্বাধীনভাবে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন।

তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হোক এটা আমরা চাই। ২০০১ সালে নির্বাচনে রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও সেনাপ্রধান তাদের থাকা সত্তেও আমরা নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করেছি।

হাবিবুল ইসলাম ভুঁইয়া ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ও আদালত অবমাননার রুল জারির দাবি জানিয়ে বলেন, তাদেরকে প্রধান বিচারপতির আদেশ দেখানোর পরও সংবাদ সম্মেলনে তারা বলেছেন আদেশ পাইনি।

তিনি বলেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ অ্যাটর্নি জেনারেলকে ঘুষি দিয়েছিলেন। কিন্তু তা লাগে একজন মহিলা সহকারী অ্যাটর্নি জেনারেলের গায়ে।

শাহ খসরুজ্জামান বলেন, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সুপ্রিমকোর্টকে ধ্বংস করতে চাচ্ছে। আমরা তার মোকাবিলা করব। ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও অ্যাটর্নি জেনারেলকে গ্রেফতারের দাবির নিন্দা জানান তিনি।

এছাড়াও সুপ্রিমকোর্ট, হাইকোর্টের কর্মচারী এসোসিয়েশন প্রধান বিচারপতির চেম্বার, এজলাস ভাংচুর ও তছনছ এবং সুপ্রিমকোর্টের কর্মকর্তা কর্মচারীর ওপর হামলার প্রতিবাদে ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সুপ্রীমকোর্টের মূল ফটকে দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে। সংঘটনের সভাপতি আশরাফ আলী মুকুল ও সাধারণ সম্পাদক আবুল হাসেম এতে বক্তব্য রাখেন।

আইন কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হেলালউদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন সভাপতি মো. ফিরোজ শাহ, সম্পাদক এম ইউ আহমেদ ও এ বিএম ওয়ালিউর রহমান। তারা ঘটনার জন্য ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদকে দায়ি করেন।