নেত্রকোনায় লঞ্চ-ট্রলার সংঘর্ষে ৬ জনের মৃত্যু
যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও কমপক্ষে ২৫ ব্যক্তি নিখোঁজ হয়েছেন মোহনগঞ্জ উপজেলার কংশ নদীর চরহাইজদা বেড়িবাঁধের কাছে শনিবার ভোরে।
নিহতরা হলেন জেলার বারহাট্টা উপজেলার ভাটীপাড়া গ্রামের মোঃ আব্দুল হাই (৩২) ও রতন মিয়া (৩০), ছেচরাখালী গ্রামের বাবুল মিয়া (২৮), আব্দুল মালেক (২৮), চানফর আলী (৩০) ও মানিক (৩২)।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ আশংকা করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলারটি মোহনগঞ্জ থেকে লেপসিয়া বাজার যাওয়ার সময় পাগলাজুরে পৌঁছলে সুনামগঞ্জ থেকে আসা প্রিন্স অব লক্ষ্মীপুর নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারটি নদীতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন নদী থেকে ছয় ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, লঞ্চটিতে হেড লাইট ছিল না। তাছাড়া কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে লঞ্চের চালক এবং ট্রলারের চালক স্পষ্ট কোন কিছু দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা মনে করেন।
স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ।
তাদের অনেকেই অভিযোগ করেন, দুর্ঘটনার ১০ ঘণ্টা পরও সরকারিভাবে লাশ উদ্ধারের জন্য কোন ডুবুরী পাঠানো হয়নি। এছাড়া জেলা প্রশাসনের কোন কর্মকর্তাও ঘটনাস্থলে আসেননি।
মোহনগঞ্জ দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের কোন ডুবুরী নেই।
