দেশব্যাপী অবরোধ চলছে
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচি রোববার সকাল থেকে শুরু হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগসহ নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনী তফসিল বাতিলসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে ১৪ দল। (আরও তথ্যসহ)
অবরোধকারীরা সকালে রাজধানীর বাড্ডায় মার্কিন দূতাবাসের সামনে তিনটি বাস এবং মহাখালি বাস টার্মিনালের কাছে তিন-চারটি বাস ও বেবী ট্যাক্সি ভাংচুর করে। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা নূর হোসেন স্কয়ারের কাছে বিআরটিসির একটি বাস ভাংচুর করে। দুপুর ২টার দিকে রাসেল স্কয়ারে একটি গাড়ি পুড়িয়ে দেয় অবরোধকারীরা।
অবরোধের অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর রাসেল স্কয়ার, সোবহানবাগ, পুরানা পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ, নূর হোসেন স্কয়ার, মিরপুর, মহাখালি, মতিঝিল, দৈনিক বাংলা মোড় ও সায়েদাবাদসহ বিভিন্ন জায়গায় জড়ো হন ১৪ দলের নেতাকর্মীরা। তারা ওইসব এলাকায় সমাবেশ, বক্তৃতা ও খন্ড খন্ড মিছিলসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ অব্যাহত রেখেছেন।
অবরোধকারীরা এসব জায়গায় অবস্থানের পাশাপাশি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তৃতার পাশাপাশি গান-বাজনা চালিয়ে যাচ্ছেন। অবরোধ কর্মসূচি সফল করার জন্য রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল যোগ দেয় সমাবেশগুলোতে।
অবরোধের কারণে রাস্তায় যানবাহন চলাচল করছে না বললেই চলে। ভিআইপি রোডে কেবল দু’একটি বাস এবং সিএনজি চালিত বেবী ট্যাক্সি চলাচল করতে দেখা গেছে। রাজধানীর ভিআইপি রোডসহ সব রাস্তাই রিকশার দখলে। তবে দূরের যাত্রীরা যানবাহনের অভাবে চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
ঢাকা থেকে দুরপাল্লার কোনো ধরনের বাস, ট্রাক ছেড়ে যায়নি। লঞ্চ এবং ট্রেনও চলাচল করছে না। অবরোধ কর্মসূচির কারণে ব্যবসা, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান, দোকান-পাট সব বন্ধ রয়েছে।
এদিকে বিডিআর ও র্যাবের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশে।
