২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে শ্রেনী কক্ষে ঢুকে ছাত্রের ওপর হামলা

সন্ত্রাসীদের হামলায় জাহাঙ্গীর আলম নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছে শহরের সূর্যনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষা বর্জন করে। জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেয় তারা। ছাত্রছাত্রীরা জানিয়েছে, দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা পরীক্ষা দিবে না।

বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা জানান, সকালে পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে বহিরাগত ৭/৮ যুবক রাম দা ও চাইনিজ কুড়াল নিয়ে নবম শ্রেনীর ছাত্র জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সে। রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম বাদি হয়ে বিকেলে একটি মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুলের প্রধান শিক্ষক বাদি হয়ে একটি মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে হামলার কারণ পুলিশ জানাতে পারেনি।