৩ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় জাবির ভর্তি পরীক্ষা স্থগিত
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সব পরীক্ষা স্থগিত করেছে।
তবে অবরোধ প্রত্যাহার হলে পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে বলেও কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে জনিয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, বৃহস্পতিবার সকালে ‘খ’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) স্থগিত করা অর্থনীতি বিভাগের ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ওই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমিন মোহাম্মদ আলীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মোহাম্মদ সামসুল আলম, সিন্ডিকেট সদস্য নঈম সুলতান, উপ রেজিস্ট্রার মোহাম্মদ আলী।
জানা গেছে, অর্থনীতি বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তা কিনতে পাওয়া যাচ্ছে এমন খবর শোনার পর সাংবাদিক সমিতির সভাপতি (জাবি) এসএম নুরুজ্জামান সকালে সাভারের ইউসিসি কোচিং সেন্টারে ক্রেতা সেজে পরীক্ষার প্রশ্নপত্র কেনেন। এরপর তিনি প্রশ্নপত্রটি প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসানের কাছে জমা দেন।
প্রক্টর তাৎক্ষণিকভাবে বিষয়টি উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানকে জানান। পরে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে ভর্তি পরীক্ষা কমিটির অনুষ্ঠিত এক সভা শেষে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমিন মোহাম্মদ আলী, ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ।
