২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ভাঙ্গা উপজেলার কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ভোর সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গার সলিলদিয়ায় যাত্রীবাহী একটি বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো ব-১১-০২৯৬) সলিলদিয়ায় পৌঁছালে বিপরীতমুখী কাঠ বোঝাই একটি ট্রাকের (ঢাকা-মেট্রো ট-১১-০৫০৬) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। এদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ট্রাক চালক ফরহাদ (৩০), তার ভাই ট্রাক হেলপার ফরিদ (২২) ও বাসযাত্রী সাঈদ (৪২)।

প্রথম দুজনের বাড়ি শিবচরের চর সিমাইলে। সাঈদের বাড়ি বরগুনার পাথরঘাটায়।

গুরুতর আহতদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

অপেক্ষাকৃত কম আহতদের কেউ কেউ স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।